পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নিরাপত্তার পাশাপাশি এআই, ড্রোন, অবৈধ অস্ত্র উদ্ধারসহ একগুচ্ছ বিষয় থাকছে আলোচনায়।
আইনশৃঙ্খলা বাহিনী প্রধানদের সঙ্গে ইসির সংলাপ আজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের নিয়ে সংলাপ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ মতবিনিময় সভা শুরু হবে।
ভোট প্রস্তুতির মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ ব্যক্তিদের নিয়ে এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসির প্রথম বৈঠক এটি। এতে চার নির্বাচন কমিশনার উপস্থিত থাকবেন বলে ইসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
আগামী ফেব্রুয়ারিতে ভোট করতে নির্বাচন কমিশন প্রস্তুতির অংশ হিসেবে বিভিন্ন সভা করছে। ভোটকেন্দ্র ও নির্বাচনি এলাকার আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাসঙ্গিক বিষয়ে নিয়মিত মতবিনিময় ও প্রাক প্রস্তুতিমূলক সভা করছে।
এর অংশ হিসেবে এ বৈঠকে অংশ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, মহাপুলিশ পরিদর্শক, বর্ডার গার্ড বাংলাদেশ, কোস্টগার্ড, আনসার ও ভিডিপিসহ গোয়েন্দা বাহিনীর প্রধান ও সংশ্লিষ্টদের আমন্ত্রণ জানানো হয়েছে।
বৈঠকে ইসির সচিবেরও উপস্থিত থাকার কথা রয়েছে।
আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার লক্ষ্য ধরে কাজ করছে ইসি।
এজন্য প্রস্তুতির অংশ হিসেবে গত ২৮ সেপ্টেম্বর নাগরিক সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে ‘সংলাপ পর্ব’ শুরু করে ইসি। পরে ৬ অক্টোবর সংবাদমাধ্যম প্রতিনিধি এবং ৭ অক্টোবর নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপ করেছে।
ইতোমধ্যে নির্বাচন কমিশন কেন্দ্রীয়ভাবে অংশীজনের সঙ্গে সংলাপ করছে। তাতে বিরাজমান আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, ভোটের পরিবেশ ও ইসির শক্ত ভূমিকা নেওয়ার বিষয়টি উঠে এসেছে।
এআই, ড্রোন, অবৈধ অস্ত্র উদ্ধারসহ যা থাকছে আলোচনায়
আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে প্রাক-প্রস্তুতিমূলক এ সভায় একগুচ্ছ আলোচ্যসূচি নির্ধারণ করা হয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে-
>> ভোটগ্রহণ কর্মকর্তা, ভোটকেন্দ্রের নিরাপত্তা ও নির্বাচনি এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার কর্মপরিকল্পনা প্রণয়ন
>> আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর কর্মকাণ্ডে সমন্বয় সাধন ও সুসংহতকরণ
>> সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সংখ্যালঘুদের নিরাপত্তা
>> অবৈধ অস্ত্র ব্যবহার রোধ ও নিয়ন্ত্রণ
>> এআই প্রযুক্তি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল ও মিথ্যা তথ্যের প্রচারণা রোধে কৌশল নির্ধারণ
>> নির্বাচনে বিদেশি সাংবাদিক ও প্রাক পর্যবেক্ষকদের নিরাপত্তা সহযোগিতা প্রদান
>> পোস্টাল ভোটিং ব্যবস্থাপনা
>> নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েনের পরিকল্পনা
>> অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ন্ত্রণ
>> অঞ্চল, জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচন অফিসের নিরাপত্তা নিশ্চিত করা
>> পার্বত্য/দুর্গম এলাকায় নির্বাচনি দ্রব্যাদি পরিবহন এবং ভোটগ্রহণ কর্মকর্তাদের জন্য হেলিকপ্টার সহায়তা প্রদান
>> গোয়েন্দা সংস্থাগুলোর মতামত/পরামর্শের আলোকে শান্তিশৃঙ্খলা বিষয়ক কার্যক্রম গ্রহণ
>> ড্রোন ক্যামেরা ব্যবহার নিষিদ্ধ করা


