আজ পাসওয়ার্ড বদলের দিন

আজ পাসওয়ার্ড বদলের দিন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রযুক্তিনির্ভর এই যুগে ব্যক্তিগত নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো পাসওয়ার্ড। এটি সুরক্ষিত না থাকলে ব্যক্তিগত তথ্য, ব্যাংক অ্যাকাউন্ট, এমনকি রাষ্ট্রীয় নিরাপত্তাও হুমকির মুখে পড়তে পারে।

চুরি যাওয়া পাসওয়ার্ড ব্যবহার করে হ্যাকাররা হাতিয়ে নিতে পারে ব্যাংকের গোপন তথ্য, নিয়ন্ত্রণ করতে পারে গুরুত্বপূর্ণ ওয়েবসাইট, এমনকি ব্যক্তিগত জীবনকে দুর্বিষহ করে তুলতে পারে। সম্পর্ক, পরিবার কিংবা আর্থিক স্থিতিশীলতা এক মুহূর্তে নষ্ট হয়ে যেতে পারে দুর্বল পাসওয়ার্ডের কারণে।

বর্তমানে অনেকেই স্মার্টফোন, ল্যাপটপ বা অন্যান্য ডিভাইস সুরক্ষার জন্য প্যাটার্ন লক, ফিঙ্গারপ্রিন্ট বা পিন কোড ব্যবহার করেন। কিন্তু এগুলোর পাশাপাশি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করাও সমান গুরুত্বপূর্ণ।

আজ (১ ফেব্রুয়ারি) বিশ্ব পাসওয়ার্ড বদলের দিন। ২০১২ সালে অস্ট্রেলিয়ান লেখক ম্যাট বুকানন এই দিনটির প্রচলন করেন, কারণ তিনি দুবার পাসওয়ার্ড হ্যাকিংয়ের শিকার হয়েছিলেন। এরপর থেকেই তিনি পাসওয়ার্ড নিরাপত্তা নিয়ে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেন। মূলত, হ্যাকারদের হাত থেকে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতেই দিনটির প্রচলন হয়েছে।

তাই আজকের দিনটিকে কাজে লাগিয়ে আপনার সোশ্যাল মিডিয়া, ব্যাংক অ্যাকাউন্ট, ল্যাপটপ, কম্পিউটার এবং স্মার্টফোনের পাসওয়ার্ড আপডেট করে নিন। শক্তিশালী পাসওয়ার্ড তৈরির জন্য বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, সংখ্যা এবং বিশেষ চিহ্নের সংমিশ্রণ ব্যবহার করুন।

২০২২ সালে ‘ডিজিটাল শ্যাডোজ’ এর এক প্রতিবেদনে দেখা যায়, ওই বছর প্রায় ২৪ বিলিয়ন পাসওয়ার্ড হ্যাকারদের হাতে চলে গেছে। বর্তমান চিত্র আরও ভয়াবহ হতে পারে। পাসওয়ার্ড ফাঁস হওয়ার মূল কারণগুলোর মধ্যে রয়েছে ব্যবহারকারীদের অসচেতনতা, দুর্বল পাসওয়ার্ড ব্যবহার এবং একই পাসওয়ার্ড বহু জায়গায় ব্যবহার করা।

বিটওয়ার্ডেনের এক পরিসংখ্যানে দেখা গেছে, মাত্র অর্ধেক ইন্টারনেট ব্যবহারকারী তাদের পাসওয়ার্ড নিরাপত্তা নিয়ে সচেতন। তাই নিজেদের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে আজই পাসওয়ার্ড পরিবর্তন করুন এবং নিয়মিত নিরাপদ ব্যবহারের অভ্যাস গড়ে তুলুন।

 

Related Articles