ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৩

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৩

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ওয়াশিংটনের মধ্যস্থতায় যুদ্ধবিরতি আলোচনা স্থগিত হওয়ার পর রাশিয়া তাদের অভিযান আরো জোরদার করেছে। দেশটি যৌথ ড্রোন, কামান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে পূর্ব ইউক্রেনে আরো ভূমি দখলের দাবি করেছে।

ইউক্রেনের পূর্বাঞ্চলে মঙ্গলবার বিকেলে সম্মিলিত হামলা চালিয়েছে রাশিয়া। রাশিয়ার এই হামলায় তিনজন নিহত এবং আরো কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের সাথে শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য মস্কোকে ৫০ দিন সময় দেয়ার পর রাশিয়া এ হামলা চালিয়েছে।

কিয়েভ থেকে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ওয়াশিংটনের মধ্যস্থতায় যুদ্ধবিরতি আলোচনা স্থগিত হওয়ার পর রাশিয়া তাদের অভিযান আরো জোরদার করেছে। দেশটি যৌথ ড্রোন, কামান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে পূর্ব ইউক্রেনে আরো ভূমি দখলের দাবি করেছে।

খারকিভ অঞ্চলের প্রসিকিউটর কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, রাশিয়ার হামলায় ৬৭ ও ৬৯ বছর বয়সী দু’জন নিহত এবং দু’জন আহত হয়েছেন।

এদিকে, সুমি আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ভলিকোপিসারিভস্কা শহরতলীতে রাশিয়া হামলা চালিয়েছে। এতে ৫০ বছর বয়সী একজন স্থানীয় বাসিন্দা নিহত হয়েছেন।’

অপরদিকে, রাশিয়ান বাহিনী দোনেৎস্ক অঞ্চলের আরো দুটি গ্রাম দখল করার দাবি করেছে।

স্থানীয় কর্মকর্তারা মঙ্গলবার জানিয়েছেন, রাশিয়ার পশ্চিম অঞ্চলের শহর ভোরোনেজে ইউক্রেনের ড্রোন হামলায় ২৭ জন আহত হয়েছেন।

Related Articles