ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে আহত ১১

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে আহত ১১

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ক্ষেপণাস্ত্রটি মধ্য ইসরাইলের এশতাওল গ্রামে আঘাত হানে। এই এলাকায় যুদ্ধের শুরুতে ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইতোমধ্যে নয়জন নিহত হয়েছেন।

মধ্য ইসরাইলের একটি গ্রামে গতকাল শনিবার ইরানের সরাসরি ক্ষেপণাস্ত্র হামলায় ১১ জন আহত হয়েছেন। দেশটির চিকিৎসকরা এ তথ্য জানিয়েছেন। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ দ্বিতীয় মাসে প্রবেশ করেছে।

ইরানের ওই ক্ষেপণাস্ত্র মধ্য ইসরাইলের এশতাওল গ্রামে আঘাত হানে। এশতাওল গ্রাম বেইত শেমেশের কাছে অবস্থিত। এই এলাকায় যুদ্ধের শুরুতে ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইতোমধ্যে নয়জন নিহত হয়েছেন, যাদের মধ্যে চারজন শিশু রয়েছে।

বার্তাসংস্থা এএফপির ফুটেজে দেখা গেছে, গতকাল শনিবারের ওই হামলায় বেশ কয়েকটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চারপাশে ধাতব ধ্বংসাবশেষ ও কংক্রিটের টুকরো ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।

বিস্ফোরণের ফলে বেশ কয়েকটি গাড়িও ধ্বংস হয়েছে এবং আঘাত হানার স্থানে একটি বড় গর্ত তৈরি হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকর্মী ও নিরাপত্তা বাহিনী কাজ করছেন। একটি বাড়ির ছাদের টালিগুলো সম্পূর্ণভাবে উড়ে গিয়ে শুধু কাঠামোটির বাইরের আবরণটি অবশিষ্ট রয়েছে।

সেনাবাহিনীর হোম ফ্রন্ট কমান্ডের কমান্ডার ওহাদ মোয়াল ঘটনাস্থল থেকে এএফপির এক সংবাদদাতাকে বলেন, ‘এটি ইরানি ক্ষেপণাস্ত্র দ্বারা সরাসরি আঘাত। অনেকগুলো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।’

সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে লিখেছেন, ‘এশতাওলের একটি পারিবারিক বাড়ি ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়েছে।’

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার কারণে ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরু হয়েছে।

এরপর থেকে ইসরাইল এবং এই অঞ্চলের বেশ কয়েকটি দেশকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে এর জবাব দিচ্ছে ইরান।

সূত্র: বাসস

Related Articles