পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নিরীহ ফিলিস্তিনিদের ওপর বর্বরতার প্রতিবাদ জানিয়ে ইসরাইলের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। জামাত-ই-ইসলামী আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে আগামী ২৬ এপ্রিল দেশজুড়ে ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।
গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে রোববার (২০ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ‘ফিলিস্তিন সংহতি মার্চ’ আয়োজন করে জামাত-ই-ইসলামী। চলমান হত্যাযজ্ঞের নিন্দা জানাতে রাজপথে নেমে আসেন হাজারো মানুষ। নিহত শিশুদের স্মরণে প্রতীকী প্রতিবাদ জানান দলটির নেতাকর্মীরা।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির নেতা হাফিজ নাইমুর রহমান। ইসরাইলি বর্বরতার প্রতিবাদে আগামী ২৬ এপ্রিল পাকিস্তানজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দেন তিনি। একইসঙ্গে ইসরাইলকে সহায়তাকারী ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য বয়কটের আহ্বান জানান।
তিনি বলেন,ফিলিস্তিন ইস্যু কেবল রাজনীতি নয়, এটা মানবতার প্রশ্ন, ঈমানের প্রশ্ন। ফিলিস্তিন আর কাশ্মীরের জন্য সব রাজনৈতিক দল এক হোন। নিপীড়িত শিশুদের কান্না শুনুন।
বিক্ষোভ সমাবেশে নারী ও শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ইসরাইলকে সমর্থন দেয়ায় যুক্তরাষ্ট্রবিরোধী শ্লোগান দেন তারা।
পাকিস্তানের সরকার ও বিরোধীরা ফিলিস্তিনিদের সংহতি জানাতে পদক্ষেপ গ্রহণ করছে না বলেও অভিযোগ করেন দলটির নেতারা।


