ইসরায়েলে আঘাত হানল ইরানের ক্লাস্টার মিসাইল

ইসরায়েলে আঘাত হানল ইরানের ক্লাস্টার মিসাইল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ছোড়া ক্ষেপণাস্ত্রের কিছু অংশ দেশটির মধ্যাঞ্চলে আঘাত হেনেছে বলে জানিয়েছে উদ্ধারকারী সংস্থাগুলো।

উদ্ধারকারীরা জানান, ক্লাস্টার ধরনের বিস্ফোরক রোস হাইন ও রামাত হাসহারনসহ মধ্য ইসরায়েলের কয়েকটি এলাকায় আঘাত হানে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে তারা কাজ করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণের আঘাতে একটি গাড়ি উল্টে গেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, সর্বশেষ নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রটি ছিল ব্যালিস্টিক মিসাইল। হামলার সময় মধ্য ইসরায়েলের পাশাপাশি দক্ষিণাঞ্চলীয় শহর ইলাত-এও সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।

প্রতিবেদনে বলা হয়, ইলাতের দিকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র জনবসতিহীন এলাকায় গিয়ে পড়ে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

Related Articles