কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার একদিন পরই ইসরাইল ও ইরানের মধ্যে ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার ইসরাইলের বিমান হামলায় তেহরান বিস্ফোরণে কেঁপে ওঠে, অন্যদিকে ইসরাইলের সরকারি ও সামরিক স্থাপনায় পাল্টা আক্রমণের কথা জানিয়েছে ইরান। তেহরানের পাঠানো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বিশাল বহরের অভিযানে ইসরাইলের বেশ কয়েকটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এ দিকে গতকাল কাতারের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এ পরিস্থিতিতে আকাশপথ সাময়িক বন্ধের ঘোষণা দিয়েছে কাতার। গতকাল সন্ধ্যায় কাতার সরকার এ সিদ্ধান্ত ঘোষণা করে।

এ দিকে ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে দ্রুত যুদ্ধ শেষ করার পরিকল্পনা করছে ইসরাইল। এ বিষয়ে যুক্তরাষ্ট্র তার আরব মিত্রদের মাধ্যমে ইরানের কাছে তেল আবিবের বার্তা পৌঁছে দিয়েছে। আরব ও ইসরাইলি কর্মকর্তাদের বরাতে গতকাল মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের হামলার জবাব দেয়া ছাড়া ইরান এখনই অভিযান শেষ করতে চায় না। অন্যদিকে ইসরাইলি টেলিভিশন চ্যানেল-১২ এর খবরে বলা হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে ‘অপারেশন রাইজিং লায়নের’ মাধ্যমে ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হুমকি নির্মূল করে নিজেদের লক্ষ্য খুব দ্রুত অর্জন করতে পারবে বলে প্রত্যাশা ইসরাইলের।

ইসরাইলের সেনাবাহিনী বলেছে, গতকাল কয়েক ঘণ্টার ব্যবধানে দেশটির বিভিন্ন জায়গায় আটটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরাইলের ওয়াইনেট সংবাদ সংস্থার বরাতে এ খবর জানিয়েছে আলজাজিরা। ইসরাইলের দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ কোম্পানির কৌশলগত স্থাপনার কাছে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ বাধাগ্রস্ত হয়। টাইমস অব ইসরাইলের খবর বলছে, দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি শহরে বিদ্যুৎ সরবরাহে গোলযোগ দেখা দিয়েছে। ইসরাইল ইলেকট্রিক করপোরেশন বলছে, বিদ্যুৎব্যবস্থা স্বাভাবিক করার কাজ চলছে। বিবিসির খবরে বলা হয়েছে, ইরানের হামলার সময় প্রায় ৩৫ মিনিট ধরে ইসরাইলের দক্ষিণাঞ্চলে সাইরেন বেজেছে।

সম্প্রচারমাধ্যম চ্যানেল থার্টিনের খবর বলছে, ১৩ জুন হামলা শুরুর পর থেকে সোমবার সবচেয়ে লম্বা সময় আশ্রয়কেন্দ্রে থাকতে হয়েছে ইসরাইলিদের। এ দিকে ইরানের পশ্চিমাঞ্চল, পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলের অন্তত ছয়টি বিমানবন্দরে বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইসরাইলি সামরিক বাহিনীর অ্যাকাউন্টে পোস্ট করা বিবৃতিতে জানানো হয়েছে, ইসরাইলের দূরনিয়ন্ত্রিত আকাশযান ইরানের ১৫টি উড়োজাহাজ ও হেলিকপ্টার বিধ্বস্ত করতে সক্ষম হয়েছে। এসব হামলায় রানওয়ে, ভূগর্ভস্থ বাংকার, জ্বালানি ভরার উড়োজাহাজ এবং ইরানের শাসন কাঠামোর সঙ্গে সম্পৃক্ত এফ-১৪, এফ-৫ উড়োজাহাজ ও এএইচ ১ হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ রয়েছে। অন্য দিকে ইরানের ইয়াজদ প্রদেশে গত রোববারের ইসরাইলি হামলায় দেশটির অভিজাত ইসলামিক বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) ১০ জন সদস্য নিহত হয়েছেন। ইরানের আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

যুদ্ধ শেষ করার ইসরাইলি বার্তা ইরানকে : ইরানের সঙ্গে দ্রুত যুদ্ধ শেষ করার পরিকল্পনা করছে ইসরাইল। এ বিষয়ে যুক্তরাষ্ট্র তার আরব মিত্রদের মাধ্যমে ইরানের কাছে ইসরাইলের বার্তা পৌঁছে দিয়েছে। আরব ও ইসরাইলি কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আরবের কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, ইসরায়েল এই অভিযান শিগগিরই শেষ করতে চায় বলে যুক্তরাষ্ট্র তাদের আরব মিত্রদের মাধ্যমে ইরানকে বার্তা দিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের হামলার জবাব দেয়া ছাড়া ইরান এখনই অভিযান শেষ করতে চায় না।

ইসরাইলি এক কর্মকর্তা রোববার টাইমস অব ইসরাইলকে বলেছেন, ইরান পারমাণবিক কর্মসূচি বাতিল করতে রাজি হলে ইসরাইল এখনই বোমা হামলা বন্ধ করার জন্য প্রস্তুত আছে। তিনি বলেন, ‘এই অভিযান বন্ধের বিষয়টি আমাদের ওপর নয়, বরং ইরানের ওপর নির্ভর করছে। আমরা চাইলে এখনই শেষ করতে পারি। সে ক্ষেত্রে যদি একটি চুক্তি হয়, তা হলে ইসরাইল তার অভিযানের ফলাফলে সন্তুষ্ট থাকবে।’’

চ্যানেল-১২ এর প্রতিবেদনে বলা হয়েছে, অভিযান শেষ করার দুটি পথ খোলা রয়েছে। প্রথমত, ইসরাইল একতরফাভাবে ঘোষণা করতে পারে যে, তারা তাদের যুদ্ধের লক্ষ্য অর্জন করেছে এবং ইরান ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করেছে। দ্বিতীয়ত, উভয়পক্ষই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে যুক্তরাষ্ট্র ঘোষণা দিতে পারে। যদিও ইসরাইল এটিকে কম গ্রহণযোগ্য হিসেবে মনে করে।

তবে ইরান ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ না করলে ইসরাইল আরো জোরালোভাবে পাল্টা হামলা চালাবে। আর এই হামলার প্রধান টার্গেট হবে ইরানি শাসকগোষ্ঠী। ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াল্লা বলছে, সোমবার তেহরানের কেন্দ্রস্থলে সরকার-নিয়ন্ত্রিত বিভিন্ন স্থাপনায় হামলার মাধ্যমে ইসরাইল এমন ধরনের বার্তা দিতে চেয়েছে।

ইসরাইলি কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলা ইরানকে আবারও আলোচনার টেবিলে ফিরিয়ে আনবে এবং শেষ পর্যন্ত তারা পারমাণবিক কর্মসূচি বন্ধে রাজি হবে বলে তারা প্রত্যাশা করছেন। তবে যদি ইসরাইল মনে করে ইরান আবারও এই কর্মসূচি শুরু করতে চাইছে, তাহলে তারা পুনরায় বিমান হামলা চালাবে। এর আগে, রোববার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইরানের বিরুদ্ধে ইসরাইল তাদের লক্ষ্য অর্জনের দ্বারপ্রান্তে রয়েছে।

সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে হামলা : সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকাহ প্রদেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার হাসাকাহর ওই ঘাঁটি মর্টার হামলার শিকার হয়েছে। তবে এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা জানা যায়নি। ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা মেহের নিউজের খবরে বলা হয়েছে, সিরিয়ার হাসাকাহ প্রদেশে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি মর্টার হামলার শিকার হয়েছে। হামলার পর ওই ঘাঁটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। একাধিক সূত্র সিরিয়ায় অবস্থিত মার্কিন ওই সামরিক ঘাঁটিতে হামলার তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে মেহের নিউজ। হামলার পর ঘাঁটির প্রধান ফটকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছে ওই সূত্র।

ইরানকে সহায়তায় প্রস্তুত রাশিয়া : রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছেন, তার দেশ ইরানের জনগণকে সহায়তা দিতে প্রস্তুত। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যে অভিযোগে আগ্রাসন চালানো হচ্ছে, তা ‘ভিত্তিহীন’। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সোমবার মস্কোয় প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেন। আলজাজিরার খবরে বলা হয়, বৈঠকের শুরুতেই পুতিন এসব কথা বলেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী আরাকচি ইরানে যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানানোর জন্য পুতিনকে ধন্যবাদ জানান। আরাগচি বলেন, রাশিয়া ‘ইতিহাসের সঠিক পক্ষে’ রয়েছে। তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের শুভেচ্ছা পুতিনকে পৌঁছে দেন। এর আগে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলাকে ‘আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন’ বলে মন্তব্য করেছে রাশিয়া।

ফর্দোতে ফের হামলা : ইরানের ফর্দো পারমাণবিক স্থাপনার কাছে হামলা চালানোর কথা নিশ্চিত করেছে ইসরাইলের সামরিক বাহিনী। আলজাজিরার খবরে বলা হয়, ইসরাইলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে তারা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার পরদিন তারা ওই স্থাপনায় যাওয়ার সড়কগুলো ‘অকার্যকর করতে’ এই হামলা চালিয়েছে। এর আগে ইসরাইলি সেনাবাহিনীর রেডিও একটি নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছিল, সরাসরি স্থাপনাটিতে নয়, বরং ফর্দোর দিকে যাওয়ার একটি ‘সংযোগ সড়ক’ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

ইসরাইলে সবচেয়ে দীর্ঘ হামলা : ইসরাইলের সাবেক বিচারমন্ত্রী জোসি বেইলিন বলেছেন, সোমবার ইসরাইলে সবচেয়ে লম্বা সময় ধরে হামলা চালিয়েছে ইরান। তেল আবিব থেকে আলজাজিরাকে বেইলিন বলেন, হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষতির পরিমাণ এখনো স্পষ্ট নয়। বেইলিন আরো বলেন, ‘দিনের বেলায় হামলা হয়েছে। সাধারণত হামলাগুলো রাতে ঘটে থাকে।’ ইসরাইলের সাবেক এই মন্ত্রী বলেন, আমাদের সামরিক বাহিনী স্পষ্টতই ড্রোনের (ইরান থেকে উড়ে আসা) একাংশ অকার্যকর করেছে। কিন্তু এর পরও এটা নিশ্চিত যে, ইরানিদের কাছে প্রতিদিন হামলা করার মতো যথেষ্ট ড্রোন আছে।

আইআরজিসির ১০ সদস্য নিহত : ইরানের ইয়াজদ প্রদেশে রোববারের ইসরাইলি হামলায় দেশটির অভিজাত ইসলামিক বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) ১০ জন সদস্য নিহত হয়েছেন। ইরানের আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা। তাসনিমের খবর বলছে, ইসরাইলি হামলায় আইআরজিসির কতজন সদস্য আহত হয়েছেন, তা নিশ্চিত করে জানা যায়নি।

ইসরাইলের হার্মিস ড্রোন ভূপাতিত : ইসরাইলি হার্মিস ৯০০ ড্রোন ভূপাতিত করার ফুটেজ প্রকাশ করেছে ইরানের গণমাধ্যম। ইরানের সেনাবাহিনী গতকাল সোমবার ভোরে সেগুলো ভূপাতিত করেছে বলে জানিয়েছে। দ্য লরেস্টান সংবাদ সংস্থা টেলিগ্রাম পোস্টে জানিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) অভিযানে ওই ড্রোন ভূপাতিত করা হয়েছে। লরেস্টান প্রদেশের খোররামাবাদে ওই অভিযান চালানো হয়।

অ্যাম্বুলেন্সে ইসরাইলের ড্রোন হামলা : ইরানের মধ্যাঞ্চলে অ্যাম্বুলেন্সে ইসরাইলের ড্রোন হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছে। ইরানের সংবাদ সংস্থা ইসনা এ খবর জানিয়েছে। নাজাফাবাদ কাউন্টির গভর্নর হামিদরেজা মোহাম্মদি ফেসহারাকির বরাতে ইসনা বলেছে, অ্যাম্বুলেন্সে একজন রোগীকে অন্য হাসপাতালে নেয়া হচ্ছিল। ড্রোন হামলায় অ্যাম্বুলেন্সটি অনেকটাই ভেঙেচুরে গেছে।

মার্কিনিদের নিরাপদে থাকার পরামর্শ : কাতারে অবস্থানরত যুক্তরাষ্ট্রের মার্কিনিদের সতর্ক বার্তা পাঠিয়ে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে দেশটির দোহায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। আলজাজিরার খবরে বলা হয়, এক ইমেইল বার্তায় দূতাবাস জানিয়েছে, ‘সতর্কতার অংশ হিসেবে’ এই পরামর্শ দেয়া হয়েছে।

যুদ্ধ শেষ করব আমরা- আইআরজিসি : ইরানের অভিজাত ইসলামিক বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি বলেছেন, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে ঢুকে গেছে এবং ইরানের ভূমির পবিত্রতা নষ্ট করেছে। যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে এই মুখপাত্র আরও বলেন, এখন ‘যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শক্তিশালী আর সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অভিযান চালানো হবে।’ ইব্রাহিম বলেন, যুক্তরাষ্ট্রকে ‘জোরালো, দুঃখজনক ও অপ্রত্যাশিত পরিণতি’ ভোগ করতে হবে। ইব্রাহিম বলেন, ‘মি. ট্রাম্প, আপনি জুয়াড়ি! আপনি এ যুদ্ধ শুরু করতে পারেন, কিন্তু আমরাই এটি শেষ করব!’

জাতিসঙ্ঘের চুক্তি থেকে সরবে না ইরান : ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভাঞ্চি বলেছেন, জাতিসঙ্ঘের পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তির (এনপিটি) ‘অঙ্গীকারবদ্ধ সদস্য’ হিসেবেই তেহরান থেকে যাবে। ইরানের সংবাদ সংস্থা এনতেখাব লিখেছে, তাখত-রাভাঞ্চি বলেছেন, এনপিটি কাঠামোর মধ্যেই ‘শান্তিপূর্ণ উদ্দেশ্যে ও জ্বালানির চাহিদা পূরণের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম’ চালিয়ে যাবে ইরান।

ইরানে ১৩ শিশু নিহত : ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরাইলে গত ১৩ জুন আচমকা হামলা শুরুর পর এখন পর্যন্ত তেল আবিবের ‘আগ্রাসনে’ ইরানে যতজন মারা গেছে তার মধ্যে ১৩টি শিশুও আছে বলে জানিয়েছে ইরানি স্বাস্থ্য মন্ত্রণালয়।

কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা : কাতারের রাজধানী দোহায় গতকাল একাধিক বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। এক প্রত্যক্ষদর্শীর বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, হামলা চালানোর কথা স্বীকার করে বিবৃতি দিয়েছে ইরান।

এক ইসরাইলি কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, কাতারের মার্কিন ঘাঁটিতে ছয়টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইরাকে হামলার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এর আগে অ্যাক্সিওস দাবি করেছিল, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান।

বিবিসিকে এক মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, কাতারের আল-উদেইদ বিমান ঘাঁটিতে সম্ভাব্য হামলা নিয়ে হোয়াইট হাউজ ও প্রতিরক্ষা বিভাগ সতর্ক রয়েছে। দোহার বাইরে অবস্থিত এই ঘাঁটিতে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান অভিযান কেন্দ্র অবস্থিত। সূত্র মতে, এখানে বিশ্বাসযোগ্য হুমকি রয়েছে বলে মার্কিন কর্তৃপক্ষ ধারণা করছে।

গত রোববার ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার জবাবে ইরান কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে ইসরাইলি সংবাদমাধ্যমের খবরে।

এ দিকে, মার্কিন সতর্কবার্তার পর কাতার সাময়িকভাবে তাদের আকাশপথ বন্ধ করেছে। ইরান এর আগে পারমাণবিক স্থাপনায় হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অবস্থানে প্রতিশোধমূলক হামলার হুমকি দিয়েছিল।

Related Articles