পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকা-জয়দেবপুর-ঢাকা রুটে নতুন চার জোড়া কমিউটার ট্রেন চালু করা হয়েছে। এর মাধ্যমে এখন থেকে যাত্রীরা সহজেই এ রুটে যাতায়াত করতে পারবেন। এতে উচ্ছ্বাস প্রকাশ করেন যাত্রীরা।
রবিবার (১৫ ডিসেম্বর) সকালে গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশন আনুষ্ঠানিকভাবে কমিউটার ট্রেনের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
এ সময় তিনি বলেন, ‘বিজয় দিবসের প্রাক্কালে ঢাকা-জয়দেবপুর কমিউটার ট্রেনটি চালু করলাম। এটা করার উদ্দেশ্য হলো গাজীপুর থেকে আপনারা যেন ঢাকায় গিয়ে অফিস করে ফিরতে পারেন। আমরা সব শ্রেণির জন্য যাতায়াতের ব্যবস্থা রেখেছি। এখন অল্প সময়ের মধ্যে যাত্রীরা যাতায়াত করতে পারবেন। আমরা এরপর নরসিংদী-ঢাকা ও নারায়ণগঞ্জ-ঢাকা রুটেও কমিউটার ট্রেন চালু করবো।’
উদ্বোধন অনুষ্ঠানে রেল সচিব, গাজীপুরের জেলা প্রশাসকসহ রেলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে, নতুন ট্রেন চালুর খবরে আজ সকাল থেকেই স্টেশনে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। উচ্ছ্বাস প্রকাশ করে গাজীপুরের বাসিন্দারা বলেন, ‘কমিউটার ট্রেনের মাধ্যমে গাজীপুরের সঙ্গে ঢাকার দূরত্ব আরও কমবে। ঢাকায় দ্রুত সময়ে পৌঁছানো যাবে। এখান থেকে সরাসরি ঢাকায় অফিস করা যাবে।’
গাজীপুর-ঢাকা রুটে চলাচলকারী ট্রেনগুলো হলো- তুরাগ কমিউটার-১, তুরাগ কমিউটার-২, তুরাগ কমিউটার-৩ ও তুরাগ কমিউটার-৪ এবং জয়দেবপুর কমিউটার-১, জয়দেবপুর কমিউটার-২, জয়দেবপুর কমিউটার-৩ ও জয়দেবপুর কমিউটার-৪।
জানা গেছে, ঢাকা বিমানবন্দর, তেজগাঁও, বনানী, টঙ্গী ও ধীরাশ্রম স্টেশনে যাত্রাবিরতি দেবে এসব ট্রেন। এ ছাড়া সপ্তাহে তুরাগ কমিউটার শুক্রবার ও জয়দেবপুর কমিউটার শনিবার বন্ধ থাকবে। এসব ট্রেনের টিকিট শুধু নির্দিষ্ট স্টেশন থেকে ইস্যু করা হবে।


