পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচন এবং একই দিনে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ ২০২৫-এর ওপর দেশব্যাপী গণভোট অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
গত বুধবার সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে প্রচারিত রেকর্ডকৃত ভাষণে তিনি এই নির্বাচনী তফসিল ঘোষণা করেন। তার আগে বিকেলে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে এই ভাষণ ধারণ করা হয়।
জাতির উদ্দেশে ভাষণ : ‘রক্তের ঋণ শোধের অঙ্গীকার-একটি সুষ্ঠু নির্বাচন’
বিজয় দিবসের প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে সিইসি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪-এর ছাত্র-গণঅভ্যুত্থান পর্যন্ত স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতিটি সংগ্রামে যারা শহীদ, আহত ও নির্যাতিত হয়েছেন- তাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও সমবেদনা।’
তিনি আরো বলেন, দীর্ঘদিনের মানসম্মত নির্বাচনের ঘাটতি জাতির প্রত্যাশাকে ব্যাহত করেছে। এই বাস্তবতায় ২০২৪ সালের গণ-অভ্যুত্থান নির্বাচনব্যবস্থাকে পুনর্গঠনের ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে।
ভোটার তালিকা : ৪৫ লাখ নতুন ভোটার, বাদ পড়া নারীভোটার যুক্ত
গত এক বছরে ভোটার তালিকাকে ‘নির্ভুল, স্বচ্ছ ও হালনাগাদ’ করতে ব্যাপক উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান সিইসি। এতে ৪৫ লাখ নতুন ভোটার তালিকাভুক্ত হয়েছে আর ২১ লাখ মৃত ভোটার বাদ পড়েছে।
নারী ও পুরুষ ভোটারের ব্যবধান ২৯ লাখ থেকে উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। ভোটার হওয়ার যোগ্যতার তারিখ পরিবর্তন করায় ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত যোগ্য তরুণ ভোটাররাও এবার ভোট দিতে পারবেন। এতে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে- ১২,৭৬,৯৫,১৮৩ জন; যার মধ্যে পুরুষ: ৬,৪৮,১৪,৯০৭ এবং নারী: ৬,২৮,৭৯,৪২ জন।
সিইসি বলেন, নির্বাচন কমিশনের সক্ষমতা ও জবাবদিহি বাড়াতে আইনি ও কাঠামোগত সংস্কার সম্পন্ন করা হয়েছে।
আইনি সংস্কার ও নতুন বাস্তবতা : গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি-সবকিছুতেই প্রয়োজনীয় সংশোধন আনা হয়েছে। নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন, অন্তর্বর্তীকালীন সরকার ও জাতীয় ঐকমত্য কমিশনকে এই প্রক্রিয়ায় সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান সিইসি।
তিনি বলেন, ‘এবারের নির্বাচন কেবল ক্ষমতার পালাবদল নয়, এটি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সংস্কার বাস্তবায়ন ও রাজনৈতিক সৌহার্দ্য ফিরিয়ে আনার এক ঐতিহাসিক পরীক্ষা।’
প্রথমবারের মতো প্রবাসী ও আইনি হেফাজতে থাকা ভোটার- পোস্টাল ব্যালটে ভোট দেবে। প্রায় অকার্যকর হয়ে পড়া পোস্টাল ব্যালট ব্যবস্থাকে নতুনভাবে সাজিয়ে তিন শ্রেণীর ভোটারকে যুক্ত করা হয়েছে- প্রবাসী বাংলাদেশী ভোটার; আইনি হেফাজতে থাকা ভোটার; এবং নিজ নির্বাচনী এলাকার বাইরে কর্মরত সরকারি কর্মচারী ও নির্বাচনসংশ্লিষ্ট ব্যক্তিকে।
সিইসি প্রবাসীদের উদ্দেশে বলেন, ‘দেশগঠনে আপনাদের অধিকার ফিরিয়ে নিতে ভোটে অংশ নিন। পৃথিবীর যেকোনো স্থান থেকে ভোটাধিকার প্রয়োগ করুন।’
অপতথ্য, এআই বিভ্রান্তি ও নারীবিদ্বেষী প্রচার রোধে কঠোর ব্যবস্থা : সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্যের প্রসার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন সিইসি। তিনি সতর্ক করে বলেন- এআই-নির্ভর ডিপফেইক, অসত্য প্রচারণা, নারীবিদ্বেষী কনটেন্ট নির্বাচনকে কলুষিত করছে। এসব অপরাধ আইন অনুযায়ী কঠোরভাবে দমন করা হবে। অসত্য তথ্য শেয়ার করাও শাস্তিযোগ্য অপরাধ।
রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি আহ্বান : সিইসি বলেন- ‘আচরণবিধি মেনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখুন। পারস্পরিক সম্মান ও সহাবস্থানের মধ্য দিয়ে ভোটারের আস্থা অর্জনই হোক আপনাদের লক্ষ্য।’
নির্বাচনী কর্মকর্তাদের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে সিইসি বলেন, দায়িত্ব পালনে কোনো শিথিলতা বা গাফিলতি সহ্য করা হবে না। স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দৃঢ়তা নিশ্চিত করতে কমিশন সম্পূর্ণ প্রস্তুত।
সংবাদমাধ্যম ও পর্যবেক্ষকদের ভূমিকা ‘অপরিসীম’ বলে উল্লেখ করে তাদের নিরপেক্ষ কাজ করার আহ্বান জানান সিইসি।
শেষ অনুরোধ : ইতিহাস গড়ার সুযোগ
শেষ বক্তব্যে বলেন, ‘আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট সফল করে আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ঐতিহাসিক ভূমিকা রাখুন। আল্লাহ আমাদের সহায় হোন।’
তফসিল ঘোষণার প্রস্তুতির অংশ হিসেবে গতকাল রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের সাথে দেখা করে কমিশন। প্রধান নির্বাচন কমিশনার এ এ এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো: আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো: সানাউল্লাহ এ সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে নির্বাচন কমিশন। রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন।
এর আগে গত ৭ ডিসেম্বর সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে অবহিত করেন সিইসি।
বৈঠকে কমিশন জানায়, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য তাদের সব প্রস্তুতি যথাসময়ে এগোচ্ছে। নাগরিকদের অংশগ্রহণে নির্বাচনী পরিবেশও তৈরি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
প্রস্তুতিমূলক কাজগুলোতে সহযোগিতা দেয়ার জন্য তিনি প্রধান উপদেষ্টা, আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনভিত্তিক ভোটার তালিকা চূড়ান্ত করেছে ইসি। প্রকাশিত তালিকা অনুযায়ী দেশে এখন মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।
এই ভোটারদের মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার এক হাজার ২৩৪ জন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা ছিল ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন।


