পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ফয়সালাবাদে একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে ডন।
প্রতিবেদন মতে, আজ শুক্রবার (২১ নভেম্বর) ফয়সালাবাদের মালিকপুর এলাকায় একটি আঠা তৈরির কারখানায় এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর পাকিস্তানের জরুরি পরিষেবা ‘রেসক্যু ১১২২’ জানায়, সকালে কারখানার বয়লারে বিস্ফোরণ ঘটে। যার ফলে ভবন ও আশেপাশের কাঠামো ধসে পড়ে।
তবে উদ্ধারকারী সংস্থাটি পরে জানায়, গ্যাস লিকেজের কারণে বিস্ফোরণ ঘটেছে। ফয়সালাবাদ কমিশনার রাজা জাহাঙ্গীর আনোয়ারের কার্যালয়ও বিষয়টি নিশ্চিত করেছে। রেসক্যু ১১১২-এর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গ্যাস লিকেজ থেকে কারখানায় আগুন লেগেছে এবং অন্যান্য কারখানাগুলোকেও গ্রাস করেছে।’
ফয়সালাবাদ কমিশনারের বরাত দিয়ে এপি জানিয়েছে, একটি শিল্প স্থাপনায় সংঘটিত এই বিস্ফোরণের কারণ তদন্ত করা হচ্ছে। অন্যদিকে ডন জানিয়েছে, ঘটনাটি তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি তদন্ত দল গঠন করা হচ্ছে।
কমিশনার জাহাঙ্গীর আনোয়ার বলেন, বিস্ফোরণে কারখানা ভবনের ব্যাপক ক্ষতি হয় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পরপরই কারখানায় আগুন ধরে যায়। এদিকে এ ঘটনায় শ্রমিক ইউনিয়নগুলো পাঞ্জাব সরকারের বিরুদ্ধে অবহেলার অভিযোগ করেছে।
পাকিস্তানের ন্যাশনাল ট্রেড ইউনিয়ন ফেডারেশন (এনটিইউএফ)-এর মহাসচিব নাসির মনসুর এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। বিস্ফোরণে ‘শ্রমিকদের মর্মান্তিক মৃত্যু’ হয়েছে দাবি করে তিনি বলেন, পাঞ্জাব সরকার এবং শ্রম বিভাগের ‘অপরাধমূলক অবহেলার’ কারণে এ ঘটনা ঘটেছে।


