পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিদেশে বাংলাদেশ মিশনগুলো থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের ছবি সরিয়ে ফেলার জন্য অনানুষ্ঠানিক নির্দেশনা দেয়া হয়েছে। গত শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেশ কয়েকটি মিশনে টেলিফোনে এই নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনাটি বাংলাদেশের অন্যান্য মিশন ও উপ মিশনগুলোতে জানিয়ে দিতে বলা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি বিভাগের মহাপরিচালক গতকাল নয়া দিগন্তের সাথে আলাপকালে জানান, বিষয়টি আমিও শুনেছি। এ-সংক্রান্ত কংক্রিট কোনো তথ্য আমার কাছে নেই। বিদেশে বাংলাদেশ মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলার কোনো দাফতরিক আদেশের (অফিস অর্ডার) কপি আমি হাতে পাইনি।
সারা বিশ্বে বাংলাদেশের ৮২টি মিশন ও উপ মিশন রয়েছে। গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন হলে ওয়াশিংটন, দিল্লি, বেইজিংসহ অধিকাংশ মিশন থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ছবিও সরিয়ে ফেলা হয়। ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর রাষ্ট্রপতির ছবি রাখা না রাখার বিষয়ে কোনো নির্দেশনা ছিল না। গত শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে টেলিফোন করে অবশিষ্ট মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলার মৌখিক নির্দেশনা দেয়া হয়েছে।
এ দিকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গতকাল দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, বিদেশে মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর বিষয়ে কোনো লিখিত নির্দেশনা আছে বলে আমার জানা নেই। এ বিষয়ে উপদেষ্টা পরিষদেও কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। তবে এর সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। প্রধান উপদেষ্টার ঘোষিত সময় আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।


