পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
মোট ৭ হাজার ৫৫২ জন পরীক্ষার্থী নির্বাচিত হয়েছেন। প্রথম শিফটে ২ হাজার ৫২০ জন, দ্বিতীয় শিফটে ২ হাজার ৫১২ জন ও তৃতীয় শিফটে ২ হাজার ৫২০ জনকে নির্বাচিত করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বুয়েট ক্যাম্পাসে তিন শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থী ছিলেন ২৪ হাজার ২১১ জন। এর মধ্যে ছাত্র ১৭ হাজার ৩৩৯ জন ও ছাত্রী ৬ হাজার ৮৭২ জন। আগামী ১৩ ফেব্রুয়ারি মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
কেমিকেল অ্যান্ড ম্যাটেরিয়ালস কৌশল, পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের অধীনে ১৩টি বিভাগে স্নাতক শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।
ক্ষুদ্র জাতিগোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য প্রকৌশল বিভাগগুলো এবং নগর ও অঞ্চল–পরিকল্পনা বিভাগের জন্য মোট ৩টি ও স্থাপত্য বিভাগে ১টি সংরক্ষিত আসনসহ মোট আসন এক হাজার ৩০৯টি। চূড়ান্ত ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের নামের তালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ আগামী ৮ মার্চ।


