পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মার্কিন উড়োজাহাজ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বোয়িং থেকে উড়োজাহাজ লিজ নিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ।
সোমবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার সঙ্গে সাক্ষাৎ করেন প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট পল রিঘি। এ সময় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাক্ষাৎকালে সরকারের সঙ্গে বোয়িংয়ের বিদ্যমান ও সম্ভাব্য চুক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। দেশের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে উড়োজাহাজ লিজ নেওয়ার বিষয়ে আগ্রহের কথা তুলে ধরেন মন্ত্রী।
বৈঠকে পল রিঘি বোয়িংয়ের সরু দেহবিশিষ্ট উড়োজাহাজ, বিশেষ করে ৭৩৭ সিরিজ লিজ দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। এ বিষয়ে দ্রুত কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উভয় পক্ষই পারস্পরিক সহযোগিতা জোরদারের মাধ্যমে এ উদ্যোগ বাস্তবায়নে আশাবাদ ব্যক্ত করেছেন।


