পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের হরিয়ানায় ঘন কুয়াশার কারণে একাধিক স্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব ঘটনায় বাস, ট্রাক, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলসহ অসংখ্য যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সৌভাগ্যবশত কোথাও প্রাণহানির খবর পাওয়া যায়নি।
রবিবার সকালে হরিয়ানার বিভিন্ন এলাকা ঘন কুয়াশায় ঢেকে যায়। দৃষ্টিসীমা মারাত্মকভাবে কমে যাওয়ায় প্রথমে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। পরে পেছন থেকে আসা যানবাহনগুলো একের পর এক সামনে থাকা গাড়িকে ধাক্কা দিতে থাকায় অল্প সময়ের মধ্যেই দুর্ঘটনাকবলিত যানবাহনের বড় স্তূপ তৈরি হয়।
হরিয়ানার হিসার এলাকায় জাতীয় সড়ক–৫২-এ সকাল প্রায় ৮টার দিকে একটি গাড়ির সঙ্গে দুটি বাসের সংঘর্ষ ঘটে। এর পরপরই পেছন থেকে আসা অন্যান্য যানবাহন একটির সঙ্গে আরেকটির ধাক্কা খেতে থাকে। এ ঘটনায় একজন মোটরসাইকেল আরোহী সামান্য আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে জাতীয় মহাসড়ক–৩৫২-এ পৃথক আরেকটি দুর্ঘটনায় তিন থেকে চারটি বাসের মধ্যে সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হন। খবর পেয়ে উদ্ধারকারী দল ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠান।
অন্যদিকে রোহতাক এলাকায় ১৫২-ডি মহাসড়কের একটি মোড়ে ৩০ থেকে ৪০টি যানবাহনের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। প্রথমে একটি ট্রাক ও একটি গাড়ির সংঘর্ষের পর পেছন থেকে আসা আরও যানবাহন একে অপরের সঙ্গে ধাক্কা খেতে থাকে। এ ঘটনাতেও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, গত কয়েক দিন ধরে হরিয়ানাজুড়ে ঘন কুয়াশা ও তীব্র শীত বিরাজ করছে। এ সময় তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। কুয়াশার কারণে সড়কে চলাচলে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।


