পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মীরসরাই উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখতে পাঁচটি নির্দেশনা জারি করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোমাইয়া আক্তার।
রোববার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কিত বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো শিক্ষার্থী প্রতিষ্ঠানের ভেতরে মোবাইল বা ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করতে পারবে না। বিনা কারণে কোনো শিক্ষার্থী একাধারে পাঁচ দিনের বেশি অনুপস্থিত থাকলে অবশ্যই প্রতিষ্ঠান প্রধান প্রশাসনকে লিখিতভাবে অবহিত করবে। শিক্ষক, শিক্ষার্থীসহ অন্যান্য কর্মচারীরা ধূমপান করা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকবেন।
কিশোর গ্যাং, ইভটিজিং, যৌন হয়রানি ও বাল্যবিবাহ প্রতিরোধে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের নেতৃত্বে একটি কমিটি গঠিত হবে।
কমিটি আইনগত যে কোনো বিষয়ে প্রশাসনকে অবহিত করবে। প্রতিষ্ঠানের অভ্যন্তরে/চত্বরে/চৌহদ্দি/ভেতরে-বাইরে অশ্লীল অঙ্গভঙ্গি, ব্যঙ্গাত্মক, কুরুচিপূর্ণ ছবি, ভিডিও ধারণ প্রচার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো।
উপজেলা ইউএনও সোমাইয়া আক্তার জানান, শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলাপূর্ণ, নিরাপদ ও মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতেই এ নির্দেশনা জারি করা হয়েছে।


