পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মাদারীপুরের রাজৈরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে চালক বোরহান উদ্দিন মুফতি (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হন অপর আরোহী।
শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজৈর উপজেলার বদরপাশার কাঠালিয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বোরহান উদ্দিন মুফতি রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের পূর্ব দারাদিয়া এলাকার শাহা মুফতির ছেলে ও আহত রাব্বি মুফতি (২২) একই এলাকার মতিয়ার মুফতির ছেলে। হতাহতরা দুজনে কাঠমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে রাজৈর থানার মোড় থেকে মোটরসাইকেল যোগে নিজবাড়ি পূর্ব দারাদিয়ায় ফিরছিলেন কাঠমিস্ত্রি রোবহান মুফতি ও রাব্বি। বদরপাশার কাঠালিয়া ব্রিজ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালক বোরহানের মৃত্যু হয়। গুরুতর আহত হয় অপর আরোহী রাব্বি। পরে স্থানীয়রা রাব্বিকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাব্বিকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদ খান বলেন, ‘বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানোয় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।


