পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশের বিভিন্ন কোল্ড স্টোরেজ বা হিমাগারের আলু সংরক্ষণের জন্য ভাড়া নির্ধারণ করে দিয়েছে সরকার। যেখানে প্রতি কেজি আলুতে সর্বোচ্চ ৬ টাকা ৭৫ পয়সা হারে ভাড়া দিতে হবে।
রোববার (২ মার্চ) কৃষি বিপণন অধিদফতরের উপপরিচালক মোহাম্মদ রেজা আহমেদ খানের সই করা অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
এতে বলা হয়, কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৬ (খ) ধারার প্রদত্ত ক্ষমতাবলে কৃষি বিপণন অধিদফতর দেশের বিভিন্ন কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের জন্য কেজিপ্রতি সর্বোচ্চ ৬ দশমিক ৭৫ টাকা হারে ভাড়া নির্ধারণ করা হলো।
জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও কৃষি বিপণন অধিদফতরের উপপরিচালক মোহাম্মদ রেজা আহমেদ খানের সই করা ওই আদেশে উল্লেখ রয়েছে।
এর আগে, গত ৮ ফেব্রুয়ারি প্রতি কেজি আলু সংরক্ষণে ৮ টাকা নির্ধারণ করে দিয়েছিল হিমাগার মালিকদের সংগঠন বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। যা নিয়ে দেশের বিভিন্ন স্থানে চাষিরা রাস্তায় আলু ফেলে বিক্ষোভ প্রকাশ করেন।


