অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পক্ষে মত সুপ্রিম কোর্টের

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পক্ষে মত সুপ্রিম কোর্টের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা নিয়ে রুলিং দিয়েছেন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বলেছেন, দুর্যোগ মুহূর্তে মধ্যবর্তী সরকার দরকার। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পক্ষে মত দেন ও রুলিং ইস্যু করেন। একই সাথে ভার্চুয়াল শুনানিতে তারা অংশ নেন।

শুক্রবার সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে জানানো হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের মতামত চাইতে পারেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি চিঠি আসে যেখানে রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকার বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের মতামত জানতে চান। সেই আলোকে ঝঢ়বপরধষ জবভবৎবহপব ঘড়.১/২৪ এর মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং রাষ্ট্রপতি জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন, এ রকম পরিস্থিতিতে রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে এবং রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তীকালীন সরকারের অন্যান্য উপদেষ্টাগণকে নিযুক্ত করতে পারেন ও প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টাগণকে শপথ পাঠ করাতে পারেন মর্মে মতামত প্রদান করেছেন।

শুক্রবার সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ের সূত্র জানায়, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেন রাষ্ট্রপতি। সংসদ না থাকা অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যায় কি না, এ বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে মতামত চেয়েছিলেন রাষ্ট্রপতি।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে আপিল বিভাগের এই মতামত পাওয়ার পর প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি।

জানা গেছে, সন্ধ্যা ৭টায় ভার্চুয়ালি বসে সুপ্রিম কোর্ট। শুনানিতে অংশ নেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান। প্রায় ঘণ্টাখানেক শুনানি শেষে ১৭ পৃষ্ঠার রুলিং দেয় সুপ্রিম কোর্ট।

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ বলেন, শপথ নেয়ার ৭ মাসের মধ্যে পদত্যাগ করে সাবেক প্রধানমন্ত্রী একটি সাংবিধানিক সঙ্কট তৈরি করে গেছেন। এ মুহূর্তে দেশে একটি মধ্যবর্তী সরকার দরকার। কাজেই ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার শপথ নিতে সাংবিধানিক বাধ্যবাধকতা নেই। আদেশে আপিল বিভাগ আরো বলেন, দুর্যোগ মুহূর্তে এমনটি হতে পারে। ভবিষ্যতে যাতে এই অন্তর্বর্তী সরকারের শপথ নিয়ে প্রশ্ন না ওঠে, তাই এ বৈধতা দেয়া হয়।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা এ বিষয়ে বলেন, সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মতামত চেয়েছিলেন। শেখ হাসিনার পদত্যাগের পর জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি জানতে চান, সংসদ না থাকা অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যায় কি না। পরে আপিল বিভাগ সর্বসম্মতিক্রমে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পক্ষে মত দেন ও রুলিং ইস্যু করেন। তারা ভার্চুয়াল শুনানিতে অংশ নেন।

Related Articles