আজ ইকরা ঝিল মসজিদে মাসিক শবগুজারী

আজ ইকরা ঝিল মসজিদে মাসিক শবগুজারী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: আওলাদে রাসূল, ফিদায়ে মিল্লাত হযরত মাওলানা সাইয়্যেদ আসআদ মাদানী (রহ.)–এর অন্যতম খলিফা, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ দা.বা.-এর আহ্বানে বাংলাদেশ জমিয়তুল উলামার উদ্যোগে আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বাদ মাগরিব মাসিক শবগুজারীর আয়োজন করা হয়েছে।

আত্মশুদ্ধি ও রূহানিয়াতের অনন্য এই মহতী আয়োজন রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়ার হাজীপাড়া ইকরা মাদরাসা সংলগ্ন ঝিল মসজিদে অনুষ্ঠিত হবে। দীর্ঘ তিন দশকের ঐতিহ্য বহনকারী এই শবগুজারী প্রতি মাসের ন্যায় ইংরেজি মাসের শেষ সপ্তাহে নিয়মিতভাবে আয়োজিত হয়ে আসছে। এতে দেশবরেণ্য ওলামায়ে কেরাম, তালিবে ইলম ও আত্মশুদ্ধি প্রত্যাশী সালেকগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

শবগুজারীর কার্যক্রমে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ দা.বা.-এর তত্ত্বাবধানে ইসলাহী বয়ান, তালীম, জিকির ও আধ্যাত্মিক নসিহত প্রদান করা হয়। ইশার নামাজের পর দরুদ শরীফের বিশেষ আমল শেষে তিনি বায়‘আত গ্রহণ করেন, যার মাধ্যমে অসংখ্য মানুষ তাঁর সঙ্গে আত্মিক সম্পর্ক স্থাপন করে আত্মশুদ্ধির পথে অগ্রসর হওয়ার সুযোগ পান।

রাতের শেষ প্রহরে ব্যক্তিগতভাবে কিয়ামুল লাইল ও ইবাদতের মাধ্যমে এই শবগুজারীর কার্যক্রম পরিসমাপ্ত হয়। অংশগ্রহণকারীরা নিরবচ্ছিন্ন ইবাদত, জিকির ও দুআর মাধ্যমে নিজেদের অন্তর পরিশুদ্ধ করার সুযোগ লাভ করেন—যা আধুনিক ব্যস্ত জীবনে এক বিরল নেয়ামত হিসেবে বিবেচিত।

বাংলাদেশ জমিয়তুল উলামার মহাসচিব মুফতী আব্দুর রহিম কাসেমী এই শবগুজারীতে অংশগ্রহণের জন্য দেশব্যাপী আত্মশুদ্ধি অনুরাগী মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন,
“শবগুজারী অন্তরের পরিশুদ্ধি, আত্মসংযম ও আল্লাহমুখিতার এক গুরুত্বপূর্ণ ময়দান। এই ধরনের মজলিসে উপস্থিতি ঈমানি জিন্দেগিকে নবজাগরণে ভরিয়ে তোলে। আসুন, আমরা সবাই এই বরকতময় আমলে শরিক হই।”

উল্লেখ্য, রাজধানীর ধর্মপ্রাণ মুসলমানদের কাছে এই মাসিক শবগুজারী দীর্ঘদিন ধরেই আত্মিক প্রশান্তি ও ইসলাহী তালীমের একটি নির্ভরযোগ্য কেন্দ্র হিসেবে পরিচিত।

Related Articles