আদিবাসী ছাত্র-জনতার ওপর হামলায় ২ জন গ্রেফতার: উপদেষ্টা মাহফুজ

আদিবাসী ছাত্র-জনতার ওপর হামলায় ২ জন গ্রেফতার: উপদেষ্টা মাহফুজ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে আদিবাসী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) রাত ১২টার দিকে ভেরিফায়েড অ্যাকাউন্ট দেয়া পোস্টে এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

তিনি লেখেন, ‘ইতোমধ্যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য যারা জড়িত, তাদেরও গ্রেফতার করা হবে। ঘটনার পূর্বাপর তদন্ত হবে। আর, রাজপথে কারো সন্ত্রাস, চাঁদাবাজি আর চলতে দেয়া হবে না।’

এদিকে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলও ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন। পোস্টে তিনি লেখেন, ‘এই ঘটনার অবশ্যই বিচার হবে। দুইজন ইতিমধ্যে গ্রেফতার হয়েছে।’

স্টুডেন্টস ফর সভারেন্টি নামক একটি প্ল্যাটফর্মের ব্যানারে আসা লোকজন এই হামলা চালিয়েছে বলে অভিযোগ মিলেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সামনে এই ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর, তারা হলেন: আদিবাসী যুব ফোরামের সহ-সভাপতি টনি ম্যাথিউ চিরান, সংঘাত ও বৈষম্যবিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক (খাগড়াছড়ি) ফুটন্ত চাকমা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঘা। এ ছাড়া আহতদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, নবম-দশম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্রের পেছনের প্রচ্ছদে আদিবাসী লেখা গ্রাফিতি বাতিল ও বহাল নিয়ে দুপক্ষই এনসিটিবি ঘেরাও করে রাখে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর মানব ব্যারিকেড ভেঙে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষই।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার ব্যানারে আসা একদল লোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করে মতিঝিলে এনসিটিবি কার্যালয় ঘেরাও করার উদ্দেশে রওনা হয়। পরে এনসিটিবি ভবনের সামনে স্টুডেন্টস ফর সভারেন্টির ব্যানারে থাকা লোকজন আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এ ঘটনায় নারীসহ ২০ আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ভ্যান-রিকশায় করে সরিয়ে নেয়া হয় চিকিৎসার জন্য। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নবম ও দশম শ্রেণির ‘বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি’ বইয়ের পেছনের প্রচ্ছদে ‘আদিবাসী’ শব্দ থাকা একটি গ্রাফিতি যুক্ত করা হয়েছিল। কিন্তু এর প্রতিবাদ জানিয়ে তা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করে স্টুডেন্ট ফর সভারেন্টি। এরপর সরকার সেটি বাতিলের সিদ্ধান্ত নেয় এবং পাঠ্যবইয়ের পিডিএফ সংস্করণ থেকে সেটি সরিয়ে নতুন একটি গ্রাফিতি সংযুক্ত করা হয়।