ভূমিকা
- গত পর্বের পর
মোদ্দাকথা, জ্ঞান, মুখস্থ বিদ্যা, পাঠাভ্যাস, ভাষাগত উপাদান এবং ব্যাকরণের নিয়মকানুন—এসবই লেখকের লেখালেখির সহায়ক উপকরণ, তাঁর অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর মাধ্যমমাত্র।
যে ব্যক্তি মুর্খ, সে কিছুই লিখতে পারে না; কারণ তার লেখার মতো কিছুই নেই। যে ব্যক্তি আরবদের ভাষারীতি, তাদের প্রকাশভঙ্গি এবং পদ্য ও গদ্যে তাদের বর্ণনার নানা ধারা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান রাখে না, তার জিহ্বায় অনারবির প্রভাব ভর করবে, কিংবা একসময় তা তার ভাষাকে পুরোপুরি আচ্ছন্ন করে ফেলবে। যার শব্দভাণ্ডার সীমিত, তার কলমও সংকীর্ণ হয়ে পড়বে; সে মনের সব ভাব প্রকাশের জন্য প্রয়োজনীয় শব্দ খুঁজে পাবে না। আর যে ব্যক্তি ভাষার নিয়মকানুন জানে না, সে নিজের বক্তব্যকে দুর্বোধ্য ও অস্পষ্ট করে তুলবে, কিংবা শব্দের সৌন্দর্য নষ্ট করে সেগুলোকে বিকৃত ও অশুদ্ধ করে ফেলবে।
কিন্তু এসব উপকরণই প্রাঞ্জল ভাষার মূল সত্তা নয়, বর্ণনাশৈলীর প্রকৃত পরিচয়ও নয়। কারণ, যারা এসবের চর্চায় নিয়োজিত এবং এসব বিষয়ে গভীর পাণ্ডিত্য রাখেন, তাঁদের অধিকাংশই না পারেন সাহিত্য রচনা করতে, না পারেন কবিতা লিখতে। আর যদি তাঁদের কেউ তা করেও বসেন, তবে তাঁদের মধ্যে যিনি সবচেয়ে ভালো করেন, তাঁর কাজের সর্বোচ্চ প্রশংসা এই হতে পারে যে, তিনি একজন ভাস্করের মতো একটি মূর্তি তৈরি করেছেন। ভাস্কর তাঁর ছাঁচে এমন একটি মূর্তি গড়লেন, যার অঙ্গপ্রত্যঙ্গ সুগঠিত ও পরিমিত, যার অবয়ব সুন্দর ও সুষম—কিন্তু তাতে প্রাণ নেই, সৌন্দর্যের প্রকৃত দীপ্তিও নেই।
কারণ, এতসব নিখুঁত আয়োজনের পরও তার মধ্যে একটি জিনিসের অভাব রয়ে গেছে। আর সেটিই বর্ণনাশৈলীর রহস্য, তা হলো মনের স্বাভাবিক রুচিবোধ এবং নির্মল সহজাত প্রবৃত্তি।
কিন্তু তাঁদের মধ্যে সেই গুণ আসবে কোথা থেকে? যে ধরনের দর্শনই হোক না কেন, তা যখনই সহজাত প্রবৃত্তির কোনো কাজে প্রবেশ করেছে, তাকে নষ্ট করে দিয়েছে। আর কৃত্রিমতা যখনই রুচিবোধের কোনো স্বাভাবিক প্রকাশের সঙ্গে মিশেছে, তখনই তার সৌন্দর্য বিকৃত করেছে, তার স্নিগ্ধতা ও দীপ্তি কেড়ে নিয়েছে!
আমি আরবদের প্রাচীন ও সমকালীন গদ্য-পদ্য যতটা ইচ্ছা পড়েছি—পড়েছি গভীর মনোযোগে, অনুসন্ধিৎসু দৃষ্টিতে, প্রতিটি বক্তব্যের অন্তর্নিহিত তাৎপর্য অনুধাবনের চেষ্টা নিয়ে। এসব পাঠের মধ্য দিয়ে আমার কাছে স্পষ্ট হয়েছে, মানুষের কথাবার্তা মূলত তিন ধরনের: জিহ্বার কথা, মস্তিষ্কের কথা এবং হৃদয়ের কথা।
প্রথমত, জিহ্বার কথা। এটি সেইসব শব্দের সমষ্টি, যা বাহ্যিক চাকচিক্যে সজ্জিত, অলংকারে সুসজ্জিত; কিংবা এমন কিছু প্রাণহীন, শুষ্ক শব্দ, যেগুলোর রচয়িতার কাছে শব্দের বাহ্যিক রূপটুকুই মুখ্য, তার অন্তর্নিহিত অর্থ নয়।
এমন ব্যক্তি যদি ভাষাবিদ হন, তবে তিনি ভাষার গভীরে প্রবেশ করতে গিয়ে দুর্বোধ্যতা সৃষ্টি করেন, শব্দের জটিলতায় নিজেকে জাহির করেন, অকারণে কৃত্রিমতা ও ভনিতার আশ্রয় নেন। শেষ পর্যন্ত এমন কিছু উপস্থাপন করেন, যার যথার্থ পরিচয় দেওয়া যায় শুধু এভাবে—ভাষার কোনো এক জটিল গ্রন্থের এলোমেলো পাণ্ডুলিপি; যার নেই কোনো অধ্যায়, নেই কোনো পরিচ্ছেদ, নেই কোনো সুবিন্যস্ত বিন্যাস।
আর যদি তিনি অলংকারশাস্ত্রের কারিগর হন, তবে তিনি শব্দে শব্দে সমোচ্চারিত অলংকার সাজান, বাক্যে বাক্যে কারুকাজ বসান, তুলনা ও বৈপরীত্যের সমাবেশ ঘটান, নানা অলংকারে রচনাকে সাজিয়ে তোলেন। কখনো এমন শব্দ বেছে নেন, যার সব অক্ষরে বিন্দু নেই; কখনো এমন শব্দ আনেন, যার সব অক্ষরেই বিন্দু রয়েছে; আবার কখনো বিন্দুযুক্ত ও বিন্দুহীন অক্ষরের মধ্যে পালাবদল ঘটিয়ে এক বিচিত্র শব্দকৌশল তৈরি করেন।
তাঁর এই কীর্তি দেখে মনে হয়, তিনি যেন কথা বলছেন না—নিজ হাতে শব্দগুলো তৈরি করছেন, একটির পর একটি শব্দ সাজিয়ে যেন সেগুলোকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গড়ছেন! অথচ এ কাজে অর্থের স্বাভাবিক সামঞ্জস্য রক্ষা পেল কি না, শ্রোতার মনে তা কতটুকু প্রভাব ফেলল—এসব নিয়ে তাঁর কোনো মাথাব্যথাই নেই।
এই তিন ধরনের কথার মধ্যে এটিই সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে নিম্নমানের। বরং একে মানুষের বুদ্ধি ও উপলব্ধির সঙ্গে সম্পর্কহীন নিছক হস্তশিল্পের কাতারেই রাখা উচিত। এর রচয়িতাকেও স্থান দেওয়া উচিত সেইসব ঔষধ প্রস্তুতকারকের দলে, যাঁদের কাজ শুধু উপাদান বিশ্লেষণ করা, সেগুলো মেশানো ও আলাদা করা, বিভিন্ন উপাদানের পরিমাণের মধ্যে সমন্বয় ঘটানো এবং ওজনের হিসাব মেলানো। এসব কাজে যেমন কল্পনাশক্তির কোনো ভূমিকা নেই, হৃদয়ের প্রখর বুদ্ধিমত্তারও কোনো প্রয়োজন পড়ে না—তেমনি এই ধরনের কথার কারিগরিতেও বুদ্ধির সৃজনশীলতা কিংবা হৃদয়ের অনুভূতির কোনো স্থান নেই।
দ্বিতীয়ত, মস্তিষ্কের কথা।
এ হলো সেইসব অভিনব ভাবনা, যেগুলো লেখক নিজের মস্তিষ্ক থেকে জোর করে খোদাই করে বের করেন, যেন মনের ভেতর থেকে সেগুলোকে ছুরি দিয়ে কেটে আলাদা করে আনছেন। এসব ভাবনার পেছনে তাঁর উদ্দেশ্য থাকে ধাঁধা তৈরি করা, চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, গভীরতার নামে জটিলতা সৃষ্টি করা এবং অদ্ভুত অভিনবত্ব দেখানো। কখনো তিনি এর নাম দেন কল্পনা, কখনো অতিশয়োক্তি, কখনো সুন্দর যুক্তি বা উৎকৃষ্ট ব্যাখ্যা—এমন আরও কত বিচিত্র নাম ও উপাধি! নামগুলো দেখতে ভিন্ন ভিন্ন হলেও শেষ পর্যন্ত সবকিছুকে এক সুতোয় গেঁথে রাখে একটি মাত্র বৈশিষ্ট্য: মিথ্যা ও অসম্ভব কল্পনা।
এ ধরনের রচনা আর প্রকৃত ভাবের মধ্যে পার্থক্য বোঝার একটি সহজ উপায় আছে। যখনই তুমি এমন কিছু পড়বে, তখনই অনুভব করবে—এ যেন এক অচেনা বস্তু, যার সঙ্গে তোমার নিজের মনের কোনো সম্পর্ক নেই; এর রচয়িতার মনও যেন এর থেকে বিচ্ছিন্ন, এমনকি মানুষের সামগ্রিক অনুভূতির সঙ্গেও এর কোনো যোগ নেই। মনে হবে, লেখকের একমাত্র উদ্দেশ্য তোমাকে চমকে দেওয়া, হাসানো, বিস্মিত করা; অথবা নিজের বুদ্ধি ও তীক্ষ্ণ মেধার বাহাদুরি দেখানো—এমন কিছু কল্পনা করতে পারার দক্ষতা প্রদর্শন করা, যা কল্পনাই করা যায় না; এমন কিছু সৃষ্টি করার ক্ষমতা দেখানো, যার বাস্তবে কোনো অস্তিত্বই নেই।
অথচ এসবের সঙ্গে কবিতার মূল সত্তার কোনো সম্পর্ক নেই, প্রকৃত সাহিত্য রচনারও নয়। বরং কখনো কখনো লেখকের এই চমক দেখানোর উদ্দেশ্যই উল্টো ফল বয়ে আনে। তাঁর রচনা তোমার মনে আনন্দের বদলে বিরক্তি জাগায়, বিস্ময়ের বদলে অস্বস্তি সৃষ্টি করে; তোমার হৃদয় ভরে ওঠে ক্ষোভ ও বিতৃষ্ণায়।
যেমন কেউ যদি এমন পঙ্ক্তি রচনা করে—
‘যদি মিথুন নক্ষত্রের সৌভাগ্য তার সহায় না হতো,
তবে তার বুকে কোমরবন্ধের এই হার তুমি দেখতে পেতে না।’
কারণ, মিথুন নক্ষত্রের তো কোমরবন্ধ পরার কোনো প্রশ্নই আসে না! আর আমরা যদি আকাশে তার চারপাশে যে বলয় দেখতে পাই, সেটাকেই কোমরবন্ধ বলে ধরে নিই, তাহলেও সেটি তো তার সঙ্গেই বিদ্যমান—প্রশংসিত ব্যক্তির জন্মের বহু আগে থেকেই; এমনকি তাঁর পূর্বপুরুষদের জন্মেরও আগে, আদম ও হাওয়ার আবির্ভাবেরও আগে থেকে।
তাছাড়া, নক্ষত্রগুলো তো জীবন্ত মানুষ নয় যে, মানুষ তাদের নিজেদের সেবক কিংবা অনুগত পরিচারক হিসেবে ব্যবহার করবে! আর যদি তাদের জীবন্ত সত্তা বলেও ধরে নেওয়া হয়, তবুও তারা তো আকাশের অধিবাসী; পৃথিবীর মানুষের সেবা করার জন্য আকাশ ছেড়ে পৃথিবীতে নেমে আসা তাদের পক্ষে অসম্ভব।
এভাবে কবি একটি মাত্র পঙ্ক্তিতে চারবার মিথ্যা ও অসম্ভব কল্পনার আশ্রয় নিয়েছেন! অথচ এতসব কল্পনার জাল বুনেও তিনি শ্রোতার মনে এমন কোনো চিত্র আঁকতে পারেননি, যা তাঁর প্রশংসিত ব্যক্তির মহিমা, মর্যাদা ও বিশালত্বকে সত্যিকার অর্থে ফুটিয়ে তুলবে।
প্রকৃতপক্ষে, এই পঙ্ক্তির মাধ্যমে তিনি যার প্রশংসা করতে চান, তিনি তাঁর প্রশংসিত ব্যক্তি নন; বরং নিজেই। তাঁর উদ্দেশ্য সেই ব্যক্তির উচ্চ মর্যাদা ও মহান অবস্থান তুলে ধরা নয়; বরং নিজের সৃজনশীলতা, কল্পনাশক্তির প্রখরতা এবং অসম্ভবকে কল্পনায় রূপ দেওয়ার দক্ষতা জাহির করা।
আরেক কবি বলেছেন—
‘শত্রুদের বধ করা তার উদ্দেশ্য নয়; বরং নেকড়েদের কাছে যে আহারের প্রত্যাশা জাগিয়েছে,
তা পূরণে ব্যর্থ হওয়ার আশঙ্কাই তাকে বিচলিত করে।’
কিন্তু যার বুকে এমন কোমল, মমতাময় হৃদয়—যে ক্ষুধার্ত নেকড়েদের প্রতিও করুণা অনুভব করে, তাদের অনাহারকে বড় অন্যায় বলে মনে করে, আর তাদের দীর্ঘদিনের অভ্যস্ত খাবার ও পানীয় থেকে বঞ্চিত করতেও যার মন সায় দেয় না—সেই মানুষই কী করে আবার হিংস্র নেকড়ের মতো মানুষের রক্ত ঝরাতে পারে? কী করে সে মানুষের উদর বিদীর্ণ করে, নাড়িভুঁড়ি ছিন্নভিন্ন করে, অঙ্গপ্রত্যঙ্গ খণ্ডবিখণ্ড করে, কেবল সেই মৃতদেহ দিয়ে বন্য পশুদের উদরপূর্তির ব্যবস্থা করতে পারে?
মানুষকে যেসব কারণে যুদ্ধে অবতীর্ণ হতে দেখা যায়, কবির উল্লিখিত এই কারণটির সঙ্গে সেগুলোর কোনো কারণেরই সামান্যতম সাদৃশ্য নেই।
তার ওপর, প্রকৃত দানশীল তো তিনিই, যিনি নিজের সম্পদ থেকে দান করেন, নিজের গৃহের ভাণ্ডার উজাড় করে অন্যের হাতে তুলে দেন। কিন্তু মানুষকে নির্বিচারে হত্যা করা, তাদের দেহ ক্ষতবিক্ষত করা, তারপর সেই লাশগুলো পৃথিবীর ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত হিংস্র পশু আর নেকড়েদের খাদ্য হিসেবে বিলিয়ে দেওয়া—এ কেমন দানশীলতা? এ তো দানশীলতার চেয়ে উন্মাদনার সঙ্গেই অধিক সাদৃশ্যপূর্ণ!
অন্য কোনো কবি লিখেছেন—
‘সে চোখের পাতা এক করে কেবল এই আশায়—
ঘুমের ঘোরে যদি কোনো অভাবী প্রার্থীর ছায়া এসে দেখা দেয়!’
অথচ ঘুম মানুষের অস্তিত্বের অপরিহার্য অবলম্বন, জীবনের এক অবিচ্ছেদ্য অনুষঙ্গ। মানুষ তা চাইলেও ঘুমায়, না চাইলেও ঘুম তাকে আচ্ছন্ন করে। ঘুম তার স্বভাবজাত প্রয়োজন; এর থেকে নিস্তার নেই।
ধরে নেওয়া যাক, ঘুমানোও মানুষের ইচ্ছাধীন কোনো বিষয়। তবু মানুষের ঘুমের আকাঙ্ক্ষার পেছনে এমন কারণ কল্পনা করা, যা তার বোধ ও বিবেচনার সীমাকেও অতিক্রম করে যায়—তা হলো, স্বপ্ন দেখার আশায় ঘুমানো—কতই না অদ্ভুত! আর যদি কেউ সত্যিই এমন উদ্দেশ্যে ঘুমাতে যায়, তবে সে নিশ্চয়ই ঘুমের কামনা ও অভীষ্টের মধ্যে এমন কোনো স্বপ্নকে স্থান দেবে না, যেখানে ভিক্ষুক আর পরের অন্নে জীবনধারণকারীদের ছায়া ভেসে ওঠে।
কারণ, তাদের তো অভাবনীয় কোনো বিরল উপস্থিতি নেই! তারা পৃথিবীর সর্বত্র ছড়িয়ে আছে, বাতাসের ধূলিকণার মতো চারদিকে ভেসে বেড়ায়। ঘরের দোরগোড়ায়, দরজার পেছনে, প্রতিটি প্রবেশপথের আশপাশে তাদের আনাগোনা। চোখ মেললেই তাদের দেখা মেলে, দৃষ্টির পরিধি জুড়েই যেন তাদের বিচরণ। অথচ কবি এমনভাবে তাদের কথা বলেছেন, যেন তারা এতটাই দুর্লভ, এতটাই দুর্লভ দর্শন যে, বাস্তবে কারও চোখে পড়ার সৌভাগ্য হয় না; তাদের দেখা পেতে হলে স্বপ্নের ফাঁদ পেতে, কল্পনার জাল বিছিয়ে, তবেই তাদের ধরে আনতে হয়!
চলবে
অনুবাদক – মুদির, মাদরাসাতু ইকরা


