পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশের অন্যতম শীর্ষ আলেম, জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়া চট্টগ্রামের প্রতিষ্ঠাতা পরিচালক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আরবী সাহিত্যিক আল্লামা সুলতান যওক নদভী ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
শুক্রবার (২ মে) দিবাগত রাত ১২টার পর তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
এর আগে, গত ১৮ এপ্রিল গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সবশেষ তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
জানাজার সময় ও স্থান
জানা গেছে, শনিবার (৩ মে) বিকেল ৪টায় দারুল মাআরিফ প্রাঙ্গণে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে নিজ প্রতিষ্ঠিত এই মাদরাসার আঙ্গিনাতেই তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে।
আল্লামা সুলতান যওক নদভী হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সভাপতি, জামেয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক এবং বিশ্ব মুসলিম লিগের বাংলাদেশ শাখার প্রধান। আরবি ভাষায় দক্ষতা ও সাহিত্য অবদানের জন্যে দেশে-বিদেশে তাঁর ব্যাপক পরিচিতি রয়েছে।
আল্লামা সুলতান যওকের নদভীর ইন্তেকালে দেশের আলেম-উলামা ও সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, তথ্য উপদেষ্টা মাহফুজ আলমসহ বিশিষ্টজনেরা শোক জানিয়েছেন। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে স্মৃতিচারণ করছেন।


