ইরানের হুমকি থেকে ইসরায়েলকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র: বাইডেন

ইরানের হুমকি থেকে ইসরায়েলকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র: বাইডেন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইরান থেকে আসা সব হুমকির বিরুদ্ধে ইসরায়েলকে রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১ জুলাই) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এক ফোনালাপে তিনি এই অঙ্গীকারের কথা জানিয়েছেন।

এই বিষয়ে হোয়াইট হাউজের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, তেহরানে হামাসের শীর্ষ নেতার হত্যাকাণ্ডের পর বাইডেন এই প্রতিশ্রুতি দিয়েছেন।

বাইডেনের সঙ্গে ওই ফোনকলের সময় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসও উপস্থিত ছিলেন। বিবৃতিতে বলা হয়, বাইডেন মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর চলমান প্রচেষ্টার ওপরও জোর দিয়েছেন।

ফোনকলটি এমন সময় হয়েছে যখন ইসরায়েল ঘোষণা করেছে যে, বৈরুতের একটি হামলায় হিজবুল্লাহর সামরিক কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যা করা হয়েছে। নেতানিয়াহুর সরকার তেহরানে হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়েহ হত্যার ব্যাপারে কোনও মন্তব্য করেনি। তবে হামাস ও ইরান ইসরায়েলকে দায়ী করেছে।

হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়েছে, বাইডেন ইরান থেকে আসা সকল হুমকির বিরুদ্ধে ইসরায়েলের সুরক্ষার প্রতি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। এসব হুমকির মধ্যে রয়েছে হামাস, হিজবুল্লাহ ও হুথির মতো ইরানপন্থি গোষ্ঠীর হামলা।

এতে আরও বলা হয়েছে, প্রেসিডেন্ট ইসরায়েলের প্রতিরক্ষা সুরক্ষার প্রচেষ্টার বিষয়ে আলোচনা করেছেন। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বিরুদ্ধে নতুন মার্কিন অস্ত্র মোতায়েন অন্তর্ভুক্ত ছিল।

হামাস, হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইরান সমর্থিত গোষ্ঠী। ৭ অক্টোবর থেকে গাজায় হামাসের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি অভিযানে অন্তত ৩৯ হাজার ৪৮০ জন নিহত হয়েছে।

সূত্র: এএফপি

Related Articles