ইরান কখনোই ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করেনি: পেজেশকিয়ান

ইরান কখনোই ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করেনি: পেজেশকিয়ান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইরান কখনোই নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করেনি। মঙ্গলবার ( ১৪ জানুয়ারি) এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে, ইরান ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করেছে – ট্রাম্প এবং মার্কিন সরকারের অতীতের এমন দাবি অস্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

এর আগে গত নভেম্বর মাসে, মার্কিন বিচার বিভাগ ট্রাম্পকে হত্যার নির্দেশ দেয়া সংক্রান্ত একটি কথিত ষড়যন্ত্রের সাথে জড়িত থাকার অভিযোগে এক ইরানি ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।

তবে আইন প্রয়োগকারী সংস্থাগুলো ট্রাম্পের ওপর হামলা চালানোর আগেই কথিত পরিকল্পনাটি নস্যাৎ করে দেয়।

গত বছর মার্কিন নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্পও বলেছিলেন যে তাকে হত্যার চেষ্টার পেছনে ইরানের হাত থাকতে পারে।

সাম্প্রতিক নির্বাচনে জয়ী এবং কয়েকদিন পরই যুক্তরাষ্ট্রের দায়িত্ব নিতে যাওয়া প্রেসিডেন্ট ট্রাম্প প্রচারণার সময় দুটি হত্যাচেষ্টা থেকে বেঁচে যান।

এর মধ্যে একটি সেপ্টেম্বরে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে গলফ খেলার সময় এবং আরেকটি জুলাইয়ে পেনসিলভানিয়ার বাটলারে এক সমাবেশে। যদিও তদন্তকারীরা কোনো ঘটনাতেই ইরানের জড়িত থাকার প্রমাণ পাননি।

ইরান এর আগেও সাইবার হামলাসহ যুক্তরাষ্ট্রের বিষয়ে হস্তক্ষেপের নানা অভিযোগ অস্বীকার করেছে।

সূত্র: রয়টার্স

Related Articles