ইসরাইলের কারাগার থেকে মুক্তি পেয়ে তুরস্কে শহিদুল

ইসরাইলের কারাগার থেকে মুক্তি পেয়ে তুরস্কে শহিদুল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইসরাইলের কারাগার থেকে মুক্তি পেয়ে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে পৌঁছেছেন বাংলাদেশের আলোকচিত্রী, মানবাধিকারকর্মী শহিদুল আলম।

প্রধান উপদেষ্টার কার্যালয় গতকাল শুক্রবার সন্ধ্যায় এক বার্তায় জানিয়েছে, শহিদুল আলম টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইসরাইল থেকে ইস্তাম্বুলে পৌঁছার পর বাংলাদেশ দূতাবাসের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান তাকে স্বাগত জানান।

ইস্তাম্বুলে বাংলাদেশের পতাকা হাতে শহিদুল আলমের ছবি ও ভিডিও প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়। ভিডিওতে তাকে ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে সেøাগান দিতে দেখা যায়।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আটক শহিদুল আলমের মুক্তি ও ইসরাইল থেকে তাকে দেশে ফেরাতে সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রজব তইয়ব এরদোগানকে ধন্যবাদ জানিয়েছেন।

শহিদুল আলম দৃকের ব্যবস্থাপনা পরিচালক। ফিলিস্তিনে ইসরাইলের নৃশংসতা বন্ধ এবং গাজায় ইসরাইলি নৌ অবরোধ ভাঙার প্রত্যয় নিয়ে ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’ নামের একটি প্ল্যাটফর্ম নৌযাত্রা শুরু করেছিল গাজা অভিমুখে। ইসরাইলি আগ্রাসন বন্ধের দাবিতে আত্মপ্রকাশ করা আরেক উদ্যোগ থাউজেন্ড ম্যাডলিনস টু গাজার আটটি নৌযানও এ যাত্রায় অংশ নিয়েছিল। মোট ৯টি নৌযানের এ বহরে বিভিন্ন দেশের রাজনীতিবিদ, সাংবাদিক, চিকিৎসক ও অধিকারকর্মীরা যোগ দিয়েছিলেন। সেই দলে ছিলেন আলোকচিত্রী শহিদুল আলম। গত বুধবার ওই নৌবহরে আক্রমণ করে সব অধিকারকর্মী ও নাবিককে ধরে নিয়ে যায় ইসরাইলি সেনারা। ওই বহরে ‘কনশানস’ নামের একটি জাহাজে ছিলেন শহিদুল আলম। তাকেসহ জাহাজগুলোতে থাকা অধিকারকর্মী ও সাংবাদিকদের আটক করে নিয়ে যাওয়া হয় ইসরাইলের কারাগারে। বাংলাদেশ সরকার এর তীব্র নিন্দা জানায়।

এরপর শহিদুল আলমকে মুক্ত করতে জর্দান, মিসর ও তুরস্কে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে যোগাযোগ শুরু করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর ভিত্তিতে তুরস্ক সরকারের সহযোগিতায় এই বাংলাদেশী আলোক চিত্রীকে মুক্ত করা সম্ভব হয়।

Related Articles