ইসলাম ও মহানবীকে (সা.) নিয়ে কটুক্তি : মুম্বাইয়ে মুসলিমদের বিশাল বিক্ষোভ সমাবেশ

ইসলাম ও মহানবীকে (সা.) নিয়ে কটুক্তি : মুম্বাইয়ে মুসলিমদের বিশাল বিক্ষোভ সমাবেশ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইসলাম ধর্ম এবং মহানবীকে (স.) নিয়ে কটুক্তির অভিযোগে ক্ষমতাসীন বিজেপির এক এমএলএ এবং একজন ধর্মগুরুর বিচারের দাবিতে মুম্বাইয়ে মুসলিম সম্প্রদায়ের হাজার হাজার মানুষের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে ছত্রপতি সম্ভাজিনগর থেকে শুরু হওয়া এই বিক্ষোভ মিছিলটি “ত্রিরঙ্গা সম্বোধন সমাবেশ” নামে মুম্বাইয়ের মুলুন্দ টোল প্লাজায় এসে পৌঁছায়।

খবরে বলা হয়, ক্ষমতাসীন বিজেপির এমএলএ নিতেশ রানে এবং ধর্মগুরু রামগিরি মহারাজের ‘ঘৃণামূলক বক্তব্যের’ বিচারের দাবিতে প্রায় ১২ হাজার মানুষ সমাবেশে অংশ নেন। অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) সাবেক এমপি ইমতিয়াজ জলিলের নেতৃত্বে মিছিলে মুসলমানদের পাশাপাশি দলিত ও মারাঠা জনগোষ্ঠীর মানুষেরাও অংশ নেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, রামগিরি মহারাজ ইসলাম ধর্ম ও মহানবীকে (স.) নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন। অন্যদিকে নীতেশ রানে তাকে এ ব্যাপারে প্রশ্রয় দিয়েছেন।

সমৃদ্ধি সুপার এক্সপ্রেসওয়ে হয়ে মুম্বাইয়ের মুলুন্দ টোল প্লাজায় পৌঁছালে র‌্যালিটি আটকে দেয় পুলিশ। এর ফলে প্রথমবারের মতো সমৃদ্ধি সুপার এক্সপ্রেসওয়েতে জ্যামের সৃষ্টি হয়। এসময় বিভাগীয় কালেক্টরসহ অন্য সরকারি প্রতিনিধিদের কাছে বিক্ষোভকারীরা তাদের দাবি-দাওয়া তুলে ধরেন।

এআইএমআইএম-এর সাবেক এমপি ইমতিয়াজ জলিল জানান, নীতেশ রানে ও রামগিরি মহারাজের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর অভিযোগে এর আগে একাধিকবার মামলা দায়ের করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

Related Articles