উল্টো পথে অটোভ্যান, কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল দুই যাত্রীর

উল্টো পথে অটোভ্যান, কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল দুই যাত্রীর

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গাইবান্ধার গোবিন্দগঞ্জে দ্রুতগামী কাভার্ড ভ্যানের চাপায় একটি ব্যাটারি চালিত অটোভ্যান দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দু’জন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ভ্যানচালক।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাত আনুমানিক ৮টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌরসভার পান্থাপাড়া হাইস্কুলসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় ঘটনাস্থলেই দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সাহেবগঞ্জ চম্পাতলী গ্রামের মুনসের আলীর পুত্র হামিদুল ইসলাম (৩৭) ও নবাব আলীর পুত্র রকি মিয়া (২৮) নিহত হন।

আহত ভ্যানচালক, একই গ্রামের আব্দুল বাকির পুত্র রবিউল ইসলাম (৪০)-কে গুরুতর অবস্থায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ব্যাটারি চালিত অটোভ্যান উল্টো পথে ঢুকে পড়লে রংপুরগামী দ্রুতগতির কাভার্ড ভ্যানটি অটোভ্যানটিকে চাপা দেয়। এতে অটোভ্যানটি উল্টে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ব্যাটারি চালিত রিকশাভ্যানটি হঠাৎ করে উল্টো পথে ঢুকে পড়লে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

Related Articles