কুয়েতে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৪৯, বেশির ভাগই ভারতীয়

কুয়েতে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৪৯, বেশির ভাগই ভারতীয়

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কুয়েতের মানগাফ শহরে প্রবাসী শ্রমিকদের আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৪৯ জনে পৌঁছেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, নিহতদের ৪০ জনই ভারতের নাগরিক। বুধবার ভোরে ওই আবাসিক ভবনটিতে আগুন লাগে। নিহত অন্যরা কোন দেশের নাগরিক তা প্রকাশ করা হয়নি। ।

কুয়েতি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দক্ষিণের মানগাফ শহরের আবাসিক ভবনটিতে অন্তত ১৯৬ জন বিদেশি শ্রমিক বাস করতেন। ভারতীয় ছাড়াও পাকিস্তানি, বাংলাদেশি ও নেপালি নাগরিকরা ওই ভবনে গাদাগাদি করেই থাকতেন। আর এ কারণে অগ্নিকাণ্ডে প্রাণহানির সংখ্যা এত বেশি।

বুধবার স্থানীয় সময় সকাল ছয়টার দিকে আগুনের সূত্রপাত এবং মুহূর্তে তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে। যদিও কয়েকঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে তার আগেই অগ্নিদগ্ধ হয়ে ও কালো ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা গেছেন অনেকে।

কুয়েতি কর্তৃপক্ষ তাৎক্ষণিক ৩৫ জন এবং ৪১ জনের প্রাণহানির কথা নিশ্চিত করে। সর্বশেষ আজ বৃহস্পতিবার কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাণহানি বেড়ে ৪৯ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে ৪০ জনই ভারতের নাগরিক। এছাড়াও আহত হয়েছেন আরও ৫০ জনের বেশি ভারতীয় নাগরিক।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হতাহত ভারতীয়দের বেশির ভাগই কেরালা ও তামিলনাড়ুর বাসিন্দা।

এ ঘটনায় শোক জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হতাহতদের পরিবার ও স্বজনের প্রতি সমবেদনা জানিয়ে এক্স পোস্টে তিনি বলেন, কুয়েতে অগ্নিকাণ্ডে এই ক্ষতি খুবই দুঃখজনক।

মোদি জানান, কুয়েতে ভারতীয় দূতাবাস খবর কিছু তদারকি করছে। এছাড়াও কীর্তি বর্ধন সিং নামে এক জুনিয়র মন্ত্রী আজ বৃহস্পতিবার কুয়েতে গেছেন।

সূত্র: বিবিসি

Related Articles