পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আরব মন্ত্রী পর্যায়ের একটি প্রতিনিধি দল ২৪ মে, শুক্রবার ফ্রান্সের রাজধানী প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে একটি বৈঠকে অংশগ্রহণ করেছেন। তারা গাজা উপত্যকার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান।
সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়েছে, বৈঠকে প্রিন্স ফয়সাল ছাড়াও কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আল-থানি, জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান আল-সাফাদি এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরি উপস্থিত ছিলেন।
বৈঠকে চলমান ইসরায়েলি আগ্রাসনের ফলে গাজা উপত্যকার পরিস্থিতির নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এছাড়া অবিলম্বে এবং সম্পূর্ণ যুদ্ধবিরতির লক্ষ্যে আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করার প্রয়োজনীয়তার বিষয়ে আলোচনা করা হয়েছিল।
উভয় পক্ষ গাজা উপত্যকার বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং অবরুদ্ধ এই উপত্যকায় পর্যাপ্ত ও টেকসই মানবিক সহায়তা প্রদানের বিষয়েও কথা বলেছে।
একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছেন তারা। এছাড়া ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলকে তার কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে বাধ্য করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়েও আলোচনা করা হয়।
এদিকে শুক্রবার প্যারিস সফরকালে সৌদি প্রিন্স ফয়সাল ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন সেজার্নের সঙ্গেও সাক্ষাৎ করেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ৭ মাসের বেশি সময় ধরে চলা গাজা যুদ্ধে ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী এবং শিশু।
সূত্র: আরব নিউজ


