গাজা পরিকল্পনা বাস্তবায়নে কোনো তাড়াহুড়ো নেই: ট্রাম্প

গাজা পরিকল্পনা বাস্তবায়নে কোনো তাড়াহুড়ো নেই: ট্রাম্প

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফিলিস্তিনিদের অন্য দেশে স্থানান্তর করে গাজার দখল ও পুনর্নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নে তার তাড়া নেই।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা এতে কোনো তাড়াহুড়ো করছি না।’

গাজা উপত্যকা পুনর্নির্মাণের সময় মিশর ও জর্ডানে ফিলিস্তিনিদের আশ্রয় দেয়ার ট্রাম্পের প্রস্তাব আগেই প্রত্যাখ্যান করেছে কায়রো ও আম্মান।

এর আগে গত মঙ্গলবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র গাজা দখল করে একে পুনর্গঠিত করার প্রস্তাব দিয়েছিল। এজন্য গাজার ফিলিস্তিনিদের অন্য দেশে পুনর্বাসিত করার কথাও বলেন ট্রাম্প।

যদিও ওয়াশিংটন এবং জেরুজালেমের মিত্রসহ আন্তর্জাতিক সম্প্রদায় ট্রাম্পের এই পরিকল্পনার ব্যাপক সমালোচনা করেছে। তারপরও মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, এই প্রস্তাব খুব ভালোভাবে গৃহীত হয়েছে।

ট্রাম্প আরও বলেন, ‘মূলত যুক্তরাষ্ট্র এটিকে একটি রিয়েল এস্টেট লেনদেন হিসাবে দেখবে যেখানে আমরা বিশ্বের সেই অংশে বিনিয়োগকারী হব।’

তিনি আরও বলেন, ‘আমাদের সেখানে কারও প্রয়োজন হবে না। ইসরাইল আমাদের প্রয়োজনীয় সবকিছু সরবরাহ করবে। তাদেরকে এজন্য নিরাপত্তা দেয়া হবে। সেখানে আমাদের সেনা না পাঠালেও আমি মনে করি আমরা সেখানে থাকব। কারণ সেখানে আমরা বিনিয়োগ করব।’

আর এসব করতে অনেকটা সময় লাগবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, ‘আমরা কেবল স্থিতিশীলতা দেখতে চাই। কিন্তু আমাদের এতে কোনো তাড়াহুড়ো নেই।’

সূত্র: দ্য টাইমস অব ইসরাইল

Related Articles