পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বুধবার ভোরে গাজীপুর সিটি করপোরেশনের বোর্ড বাজার এলাকার একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুরে বাসা-বাড়ির গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে মুক্তা আক্তার (১৮) নামে এক কলেজছাত্রী দগ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার ভোরে গাজীপুর সিটি করপোরেশনের বোর্ড বাজার এলাকার একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে। মুক্তা আক্তার ওই এলাকার নান্টু মিয়ার মেয়ে।
গাজীপুরের ভোগড়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান বলেন, বোর্ড বাজারের কলমেশ্বর এলাকার সাত তলা ভবনে গ্যাসের পাইপ লিকেজ হয়ে গ্যাস বের হয়। ভবনের দরজা, জানালা বন্ধ থাকায় নির্গত গ্যাস বের হতে পারেনি। ভোরে মুক্তা আক্তার চুলা জ্বালাতে গেলে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এ সময় ঘরের দরজা জানালা উড়ে যায় এবং তিনি গুরুতর আহত হন। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে আজ বুধবার সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। সূত্র : ইউএনবি


