পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গাজীপুরের কোনাবাড়ীতে মোবাইল চোর সন্দেহে জুয়েল তালুকদার (৪৩) নামে এক দিনমজুরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আব্দুল হক নামে আরও একজনকে মুমূর্ষু অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (২৫ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহউদ্দিন।
তিনি বলেন, রোববার দুপুর সাড়ে ১২ টার সময় মহানগরের কোনাবাড়ী পারিজাত আমতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুয়েল তালুকদার নেত্রকোণা জেলার কেন্দুয়া থানার কেন্দুয়া বাজার এলাকার কছিমুদ্দিন তালুকদার এর ছেলে।
জুয়েল কোনাবাড়ি থানার পারিজাত আমতলা এলাকায় হোসেন আলীর বাড়িতে ৬ বছর যাবত ভাড়া থেকে দিনমজুরের কাজ করেন।
মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে একদল লোক জুয়েল তালুকদারকে মারধর করে জানিয়ে মো. সালাহউদ্দিন আরও জানান, এতে ঘটনাস্থলেই জুয়েল মারা যান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
এ ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি মো. সালাহউদ্দিন।


