পাথেয় টোয়েন্টিফোর ডটকম : এক গুঁতোতে গ্যাসের লাইন ফুটো করে দেয়ায় রাষ্ট্রের ক্ষতি হয়েছে প্রায় ২১৫ কোটি টাকা। পাশাপাশি অন্তত তিন দিন তীব্র গ্যাসসংকটে ভুগতে হয়েছে রাজধানীবাসীকে। চট্টগ্রামের আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের জেটি নির্মাণের সয়েল টেস্টের সময় ছিদ্র হয়েছিল তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের এ পাইপলাইন। এ ঘটনায় ঠিকাদার প্রতিষ্ঠানের অবহেলার কথা উল্লেখ করে থানায় জেনারেল ডায়রি (জিডি) করেছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)।
দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারায় ক্ষতিগ্রস্ত এ পাইপলাইন মেরামতে কাজ করছে গ্যাস জিটিসিএলের প্রকৌশলীরা। দিন-রাত টানা কাজ করার পরও তিন দিন লেগেছে নতুন পাইপ লাগিয়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে। এ সময় রাজধানী ঢাকায় গ্যাস সরবরাহ অনেকটা বন্ধ হয়ে গিয়েছিল। তবে পাইপ মেরামত শেষে শুক্রবার (১২ জুলাই) থেকে ঢাকায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে শুরু করে।
চট্টগ্রামের কর্ণফুলি থানায় দায়ের করা জিডিতে জিটিসিএলের নিরাপত্তা বিভাগের সহকারী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন ভূইয়া অভিযোগ করেন, চায়না ইপিজেডের জেটি নির্মাণের সয়েল টেস্টের কাজ করার সময় গ্যাস সঞ্চালন পাইপের ক্ষতিসাধন হয়। মূলত উচ্চচাপযুক্ত পাইপ লাইনের উপর রিগ স্থাপন করে কাটারের মাধ্যমে কাজ করতে গিয়ে ৪২ ইঞ্চি ব্যাসার্ধের একটি গ্যাস পাইপে আঘাত করে পাইপ ফুটো করে ফেলে। ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে কিছু জানানো না হলেও জিটিসিএল কর্মকর্তারা জানতে পেরেন, এর পরপরই ওই পাইপ দিয়ে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হয়। এ সময় বড় ধরনের দুর্ঘটনারও শঙ্কা তৈরি হয়েছিল।
রাজধানী ঢাকা এবং বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে বুধবার (১০ জুলাই) সকাল থেকে শুরু হয় ক্ষতিগ্রস্ত পাইপ মেরামতের কাজ। মাটির অন্তত দেড় মিটার গভীরে অবস্থান ছিল এ পাইপের। মাটির নিচে নতুন পাইপ লাগাতে গিয়ে তাদের চরম বেগ পেতে হয়। এর মাঝে ছিল দুর্যোগপূর্ণ আবহাওয়া। কোনো রকম অনুমতি ছাড়া পাইপলাইনের উপর রিগ স্থাপন করা হয়েছিল বলে অভিযোগের পাশাপাশি ক্ষতির পরিমাণ ২১৫ কোটি টাকা বলে উল্লেখ করা হয়েছে জিডিতে।
এদিকে, গত ১২ জুলাই এক ফেইসবুক পোস্টে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, ৪১ ঘণ্টার অক্লান্ত পরিশ্রম শেষে দুর্ঘটনাকবলিত আনোয়ারা-ফৌজদারহাট গ্যাস পাইপলাইনের মেরামত এবং গ্যাস কমিশনিং সফলভাবে সম্পন্ন হয়েছে। এই পাইপলাইন দিয়ে দৈনিক প্রায় ৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হয়। এত বড় পাইপলাইন মেরামতের অভিজ্ঞতা আমাদের টিমের জন্য এবারই প্রথম। চ্যালেঞ্জিং কাজটিকে দ্রুততম সময়ে শেষ করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই।
গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে নসরুল হামিদ আরও বলেন, ‘আপনাদের অনাকাঙ্ক্ষিত অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করছি। আগামীতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।’
উল্লেখ্য, গভীর বঙ্গোপসাগরে অবস্থান রয়েছে তরল এলএনজিবাহী দুটি টার্মিনালের। এগুলোতে থাকা তরল এলএনজি গ্যাসে রূপান্তর করে গ্রাহকদের কাছে সরবরাহ করা হয়। মূলত মহেশখালী হয়ে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া এবং চট্টগ্রামের বাঁশখালী ও আনোয়ারায় মাটির নিচ দিয়েই আনা হয়েছিল পাইপলাইন। এর মধ্যে একটি পাইপ শুধুমাত্র চট্টগ্রামে এবং অপরটি সীতাকুণ্ডের ফৌজদারহাট হয়ে ঢাকা পর্যন্ত বিস্তৃত হয়েছে। এ দুটি পাইপ দিয়ে প্রতিদিন প্রায় ১১শ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়।


