চট্টগ্রাম বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

চট্টগ্রাম বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। শনিবার (১৪ মার্চ) সারাদিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট সাতটি ফ্লাইট বাতিল হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, যুদ্ধ পরিস্থিতির কারণে দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড এখনও সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে। একই সঙ্গে দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ রয়েছে। এর প্রভাবেই চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যগামী ও সেখান থেকে আগত কয়েকটি ফ্লাইট বাতিল করতে হয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই থেকে আসা একটি এরাইভাল ফ্লাইট এবং দুবাইগামী একটি ডিপার্চার ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি এরাইভাল ও মধ্যপ্রাচ্যগামী দুটি ডিপার্চার ফ্লাইট বাতিল হয়েছে। সালাম এয়ারের মাস্কাট থেকে আসা একটি এরাইভাল এবং মাস্কাটগামী একটি ডিপার্চার ফ্লাইটও বাতিল করা হয়েছে।

তবে একই দিনে বিভিন্ন এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে আসা ৬টি যাত্রীবাহী এরাইভাল ফ্লাইট এবং ৪টি ডিপার্চার ফ্লাইট সচল ছিল বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানবন্দরের জনসংযোগ শাখা জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের শারজাহ ও দুবাই থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে আজকের ৭টি ফ্লাইটসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

 

Related Articles