জার্মান নির্বাচন: বুথ ফেরত জরিপে এগিয়ে সিডিইউ/সিএসইউ

জার্মান নির্বাচন: বুথ ফেরত জরিপে এগিয়ে সিডিইউ/সিএসইউ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জার্মানির পার্লামেন্ট নির্বাচনে শেষ হয়েছে ভোটগ্রহণ। দেশটির স্থানীয় সময় রোববার সকাল ৮টায় শুরু হয় ভোট। একটানা চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এখন চলছে ভোট গণনা। তবে এরই মধ্যে বুথ ফেরত জরিপে ফলাফলের আভাস দেওয়া হয়েছে।

বুথ ফেরত জরিপে দেখা গেছে, রক্ষণশীল দল সিডিইউ/সিএসইউ ২৯ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে আছে কট্টর ডানপন্থি দল এএফডি। তারা পেয়েছে ১৯ দশমিক ৫ শতাংশ ভোট।

বুথ ফেরত জরিপে আরও দেখা যাচ্ছে, বর্তমান জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের নেতৃত্বাধীন এসপিডি রয়েছে তৃতীয় অবস্থানে। এই দলটিকে ভোট দিয়েছে ১৬ শতাংশ জার্মান।

সিডিইউ/সিএসইউ প্রার্থী ফ্রিডরিশ ম্যার্ৎস হতে পারেন জার্মানির পরবর্তী চ্যান্সেলর। তারা হয়তো এসপিডি বা গ্রিনের সঙ্গে জোট করে সরকার গঠন করবে। কিন্তু এএফডি-এর কট্টর অবস্থানের কারণে তাদের এড়িয়ে চলছে সবকটি রাজনৈতিক দল। তাই জোট সরকারে দলটিকে দেখা না যাওয়ার সম্ভাবনা প্রবল।

দেশটিতে এবারের পার্লামেন্ট নির্বাচনে মোট ভোটার প্রায় ছয় কোটি। নির্বাচনে ৮৩-৮৪ শতাংশ ভোট পড়েছে বলে ধারণা করা হচ্ছে। জার্মানির সাম্প্রতিক জাতীয় নির্বাচনে এটি রেকর্ড।

গত নভেম্বেরে এসপিডির নেতৃত্বাধীন জোট সরকার ভেঙে যাওয়ার পরিপ্রেক্ষিতে নির্ধারিত সময়ের আগেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে দেশটিতে। জনমত জরিপে এগিয়ে আছে রক্ষণশীল দল সিডিইউ।

Related Articles