ট্রাম্পের শুল্ক কমাতে পারেনি পানামা খালের জাহাজ চলাচল

ট্রাম্পের শুল্ক কমাতে পারেনি পানামা খালের জাহাজ চলাচল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্লেষকরা ভবিষ্যদ্বাণী করেছিলেন, ট্রাম্পের এই আক্রমণাত্মক নীতির কারণে পানামা খালপথে জাহাজ চলাচল কমে যাবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বহু দেশের ওপর শুল্ক আরোপ করলেও এখন পর্যন্ত তা পানামা খালপথে কন্টেইনারবাহী জাহাজ চলাচলে প্রভাব ফেলেনি বলে বৃহস্পতিবার জানিয়েছেন খাল কর্তৃপক্ষের প্রশাসক।

পানামা সিটি থেকে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ট্রাম্প দীর্ঘদিন ধরে যেসব দেশকে ‘অন্যায্য বাণিজ্য চর্চার’ জন্য অভিযুক্ত করে আসছেন, সেই মিত্র ও প্রতিদ্বন্দ্বী দেশগুলোর যুক্তরাষ্ট্রে রফতানির ওপর তার বহুল প্রতীক্ষিত ‘পারস্পরিক’ শুল্ক কার্যকর হয়েছে।

বিশ্লেষকরা ভবিষ্যদ্বাণী করেছিলেন, এই আক্রমণাত্মক নীতির কারণে পানামা খালপথে জাহাজ চলাচল কমে যাবে। এই খাল দিয়েই বিশ্বের মোট নৌবাণিজ্যের পাঁচ শতাংশ পণ্য পরিবহন করা হয়।

খাল প্রশাসক রিকার্তে ভাসকেস এএফপিকে বলেন, রাজস্ব ও কার্গোর দিক থেকে এই অর্থবছরের ফলাফল আমাদের পূর্বাভাস অনুযায়ী হবে।

পানামা খাল কর্তৃপক্ষ চলতি অর্থবছরে ৫.৬ বিলিয়ন ডলারের রেকর্ড রাজস্ব আয়ের পূর্বাভাস দিয়েছিল, যা গত বছরের তুলনায় ১২.৭ শতাংশ বেশি। একই সময়ে ১৩ হাজার ৯০০ জাহাজ খালপথ অতিক্রম করবে বলে ধারণা করা হয়েছিল, যারা মোট ৫২০ মিলিয়ন টন পণ্য পরিবহন করবে। ৩০ সেপ্টেম্বর এই অর্থবছর শেষ হবে।

তবে ভাসকেস এ-ও বলেন, সময়ের সাথে সাথে শুল্কের প্রভাবে কার্গো পরিবহনের পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

৮০ কিলোমিটার দীর্ঘ এই খাল আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। এটি ১৭০টি দেশের এক হাজার ৯০০টিরও বেশি বন্দরে সেবা দিয়ে থাকে- বিশেষত চীন, জাপান ও দক্ষিণ কোরিয়াকে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে পৌঁছাতে খালটি বড় ভূমিকা রাখে।

সূত্র : বাসস

Related Articles