পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকায় ২০ মণ ওজনের হস্তলিখিত পবিত্র কোরআনের প্রচ্ছদ উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) বেলা ৩টায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে হাতে লেখা কোরআনের প্রথম পৃষ্ঠা উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।
আয়োজকরা তাদের এই শিল্পকর্মকে বিশ্বের সর্ববৃহৎ হস্তলিখিত আল কোরআন দাবি করে বিষয়টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। তারা বলেন, হাতে লেখা এই গ্রন্থটির দৈর্ঘ্য ১৪ ফুট। এই আয়তনের ২০০ পৃষ্ঠায় পুরো কোরআনটি লিপিবদ্ধ করা হয়েছে। এর আগে বিশ্বে হাতে লেখা কোরআনের সর্বোচ্চ দৈর্ঘ্য ১০ ফুটের নিচে ছিল বলে তারা দাবি করেন।
আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়, সম্পূর্ণ কোরআনটির ওজন দাঁড়িয়েছে প্রায় ৮০০ কেজি বা ২০ মণ। হাতে তৈরি বাঁশের কলম ও দোয়াতকালি দিয়ে দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে পবিত্র গ্রন্থটি লিপিবদ্ধ হয়েছে। পরে অভিজ্ঞ হাফেজদের দিয়ে এর শুদ্ধতা যাচাই করা হয়েছে। এখন প্রচ্ছদ ও নকশার কাজ চলছে। স্বর্ণ, রূপা, ব্রোঞ্জ, কাঠ, স্টিল, এস এস ও ফোম ব্যবহার করে এটি তৈরি করা হবে।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে পবিত্র কোরআনের প্রচ্ছদ উন্মোচন অনুষ্ঠানের সূচনা করেন বিশ্ববরেণ্য ক্বারি শায়েখ আহমদ বিন ইউসুফ আল আজহারী। পরে তিনি তার বক্তব্যে একটি ইসলামভিত্তিক জাদুঘর নির্মাণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ইসলামের প্রচার ও প্রসার এবং এসব প্রতিষ্ঠানের দেওয়ালগুলোতে ক্যালিওগ্রাফি বা কোরআনের আয়াত লিখে শিক্ষার্থীদের এর প্রতি আকৃষ্ট করার প্রকল্প নেওয়ার দাবি জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেন, আয়োজকদের দাবি অনুযায়ী এটিই বিশ্বের সবচেয়ে বড় হস্তলিখিত কোরআনের প্রতিলিপি। আমি এ ব্যাপারে গিনেস রেকর্ডের সঙ্গে সংশ্লিষ্টদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছি। এক্ষেত্রে আমরা প্রয়োজনীয় সহযোগিতা করব।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি হাফেজ আব্দুল হক। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ কামাল হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সভাপতি স ম ইফতেখার মাহমুদ, সহ-সভাপতি মো. মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম নোমান প্রমুখ।


