পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশের রাজধানী ঢাকায় উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বহু শিশুর মৃত্যু এবং শতাধিক আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম।
বীর শিক্ষিকা মাহেরিনকে শ্রদ্ধা
বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক শোকবার্তায় আনোয়ার ইব্রাহিম বলেন,
“এই মর্মান্তিক দুর্ঘটনায় বহু শিশুর প্রাণহানি ও শিক্ষিকা মাহেরিন চৌধুরীর বীরত্বপূর্ণ আত্মত্যাগ আমাদের সবাইকে স্তব্ধ করে দিয়েছে। তিনি নিজের জীবন ঝুঁকিতে ফেলে যেভাবে শিক্ষার্থীদের রক্ষা করেছেন, তা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।”
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানান, তিনি শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে একটি চিঠি লিখে বাংলাদেশের জনগণের প্রতি মালয়েশিয়ার পক্ষ থেকে সমবেদনা ও সংহতি জানাবেন।
তিনি আরও বলেন,
“শোকের এই সময়ে মালয়েশিয়া বাংলাদেশের ভাই-বোনদের পাশে রয়েছে। আমরা প্রতিটি হারানো প্রাণের জন্য শোকাহত এবং প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।”
গত সোমবার দুপুরে মাইলস্টোন স্কুলের ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এখন পর্যন্ত মোট ৩২ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে।
আইএসপিআর জানায়, মঙ্গলবার দুপুর পর্যন্ত তারা ৩১ জন নিহত এবং ১৬৫ জন আহতের তথ্য পেয়েছে।
মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন নাফি নামের এক ছাত্রের মৃত্যু হয়।


