তাপপ্রবাহ কমবে কবে, জানাল আবহাওয়া অফিস

তাপপ্রবাহ কমবে কবে, জানাল আবহাওয়া অফিস

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : টানা পাঁচদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ও মাঝারি মাত্রার তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, ফলে গরমের তীব্রতা অনেকটাই বেড়েছে। তবে বজ্রবৃষ্টি বা কালবৈশাখী ঝড়ের মাধ্যমে এই তাপপ্রবাহ কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার (২৮ এপ্রিল) থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। এ সময় সারাদেশের দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। একইসঙ্গে রাতের তাপমাত্রাও সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সোমবার রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে শনিবারও (২৬ এপ্রিল) রাজশাহী বিভাগসহ দিনাজপুর, যশোর ও চুয়াডাঙ্গা জেলাগুলোর ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বইছে, যা অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে।

শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে, যা ছিল ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

Related Articles