তালতলায় একজনকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেফতার

তালতলায় একজনকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেফতার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর খিলগাঁওয়ে নূর ইসলাম নামের এক ব্যক্তিকে কুপিয়ে ও আঘাত করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মূল অভিযুক্ত আবদুস সাত্তারকে গ্রেফতার করেছে র‍্যাব। রবিবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন র‍্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পুলিশ সুপার আ ন ম ইমরান খান।

তিনি জানান, রবিবার দুপুর ১২টার দিকে নূর ইসলাম (৫০) নামের এক ব্যক্তিকে রাজধানীর খিলগাঁও থানার আফতাব নগরের তালতলার ঝিলপাড় এলাকায় এলোপাতাড়ি কুপিয়ে ও আঘাত করে ঝোপঝাড়ের ভেতরে ফেলে যায়। স্থানীয় থানা পুলিশ সংবাদ পেয়ে নুর ইসলামকে উদ্ধার করে ওই দিন বিকাল সাড়ে ৪টার সময় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

এরপর র‍্যাব-৩-এর সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আবদুস সাত্তারকে গ্রেফতার করে। তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি বলে জানান তিনি।

নুর ইসলামের বাড়ি ঢাকার কেরানীগঞ্জের রায়ের চর এলাকায়। তার বাবার নাম আব্দুল করিম।

 

Related Articles