পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঘন কুয়াশার কারণে টানা ৫ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌ-রুটে ফেরি চলাচল। এর আগে ফেরি চলাচল বন্ধ থাকায় নদীতে আটকে যায় তিনটি ফেরি।
রোববার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে শুরু হয় ফেরি চলাচল।
এর আগে ভোর সাড়ে পাঁচটা থেকে কুয়াশার কারণে বন্ধ হয় ফেরি চলাচল। তবে ঘাট এলাকায় ছিল না কোনো যানজট বা ভোগান্তি।
ঘাট কর্তৃপক্ষ জানায়, শনিবার রাত ৩টা থেকেই পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচলে ব্যাহত হচ্ছিল। ভোর ৫টার পর থেকে নদীর চ্যানেলগুলোতে কুয়াশার মাত্রা বাড়তে থাকে। পরে ভোর ৫টা ৩০ মিনিটে নৌ-রুটে কুয়াশা তীব্র আকার ধারণ করে নদীর চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়ানোর জন্য, ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মো. সালাম হোসেন জানান, পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ২২টি ফেরি, ৩৩টি লঞ্চ ও ৬৩টি স্পিডবোর্ড চলাচল করছে।


