পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩০ দশমিক ৫১ বিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ২৫ দশমিক ৫১ বিলিয়ন ডলার। আর ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ১৯ দশমিক ৮০ বিলিয়ন ডলার।
শুক্রবার (২৭ জুন) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান ঋণ কর্মসূচির আওতায় বকেয়া দুই কিস্তির ১৩৪ কোটি ডলার এরমধ্যেই দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে যোগ হয়েছে। এছাড়া বিশ্বব্যাংকের ৫০ কোটি ডলার এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ৯০ কোটি ডলারের ঋণও রিজার্ভে যুক্ত হয়েছে।
সব মিলিয়ে গতকাল বৃহস্পতিবার (২৬ জুন) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩০ দশমিক ৫১ বিলিয়ন ডলার বা ৩ হাজার ৫১ কোটি মার্কিন ডলারে। তবে আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ হচ্ছে ২৫ দশমিক ৫১ বিলিয়ন ডলার বা ২ হাজার ৫৫১ কোটি ডলার। এর মধ্যে ব্যবহারযোগ্য রিজার্ভ ১৯ দশমিক ৮০ বিলিয়ন ডলার বা ১ হাজার ৯৮০ কোটি ডলার।
সূত্র জানিয়েছে, দেশের ঋণ পরিশোধের সক্ষমতা বিবেচনা করে আইএমএফ আরও ৯০ কোটি ডলার ঋণ দেবে। এছাড়া চলতি মাসের মধ্যেই বিশ্বব্যাংক, এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি), জাপান ও ওপেক ফান্ড থেকে আরও দেড়শ কোটি ডলার ঋণ আসার কথা রয়েছে। এতে করে জুন মাস শেষে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ বিলিয়ন ডলার বা ৩ হাজার ২০০ কোটি ডলারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
এদিকে, কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানান, ১০ মাস ধরেই কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে না। এর মধ্যে দেশের ব্যাংক ও রাজস্ব খাত সংস্কার, বাজেট সহায়তা ও ঋণ হিসেবে ৫০০ কোটি ডলারের বেশি ঋণ দেশে আসছে। এতে বাড়ছে রিজার্ভ।


