দেশে ভোটার ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার;ইসি

দেশে ভোটার ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার;ইসি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত ভোট দিতে পারবে ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯ শ’ জন। খসড়া এই তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ ভোটার। আর বাদ পড়েছেন ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জন। ২০২৫ সালে ভোটার অন্তর্ভুক্তির হার ৩.৯৬ শতাংশ এবং ভোটার বৃদ্ধির হার ১.৯৭ শতাংশ বলে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন।

রাজধানীর আগারগাঁওর নির্বাচন ভবনে গতকাল ইসি সচিব আখতার আহমেদ খসড়া ভোটার তালিকার এ তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন। হালনাগাদ কার্যক্রমের তথ্য একটি সম্পূরক তালিকায় সংশ্লিষ্ট সব উপজেলা/ থানা নির্বাচন কমিশন কার্যালয়ে প্রকাশ করা হয়েছে। এর আগে রোববার সকালে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর সারা দেশের নির্বাচন কর্মকর্তারা সেটি নির্দিষ্ট স্থানে সাঁটিয়ে দেন। এতে কারো তথ্যে ভুল থাকলে সংশোধনের সুযোগ মিলবে ১২ দিন। যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্তি, মৃত্যুজনিত বা অন্তর্ভুক্তি হওয়ার অযোগ্য ব্যক্তির নাম বাদ দেয়া, ভোটার স্থানান্তর এবং কোনো সংশোধন বা ত্রুটি-বিচ্যুতি দূর করার জন্য ২১ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে।

ইসি সচিব জানান, খসড়া তালিকার ওপর দাবি-আপত্তি জমা দেয়া যাবে ২১ আগস্ট পর্যন্ত। এসব দাবি-আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩১ আগস্ট। তিনি বলেন, সারা দেশের নির্বাচন অফিসগুলোতে একযোগে রোববার হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।

সচিব বলেন, আইন অনুযায়ী এ বছরের ২ মার্চ ভোটার তালিকা প্রকাশ করেছিল ইসি। তখন ভোটার ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এরপর ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়। বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটার অন্তর্ভুক্ত করা হয়। এভাবে তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন ভোটার। একই সাথে মৃত ও কর্তন করা ভোটার হিসেবে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জনকে তালিকা থেকে বাদ দেয়া হয়েছে।

তিনি বলেন, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে তারাও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন। নবীন ভোটারদের এক বছর অপেক্ষা না করানোর জন্য নতুন আইনে এ সুযোগ রাখা হয়েছে। তিনি জানান, এ বছর মোট তিনটি ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। ২ মার্চ একটি প্রকাশিত হয়েছে। আগামী ৩১ আগস্ট এবং ৩১ অক্টোবর আবার তালিকা প্রকাশ করা হবে।

Related Articles