নরসিংদীতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ট্রলি, চালক নিহত

নরসিংদীতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ট্রলি, চালক নিহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নরসিংদীর মনোহরদীতে ইটবোঝাই ট্রলি উল্টে রুবেল মিয়া (২২) নামে এক চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন এক শ্রমিক। মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে মনোহরদী বাজার-হাসপাতাল সড়কের চন্দনবাড়ী ইসলামীয়া কামিল মাদরাসার সামনের এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল মিয়া মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নের রুদ্রদী গ্রামের আব্দুস সোবহানের ছেলে।

আহত শ্রমিক হৃদয় (২০) বেলাব উপজেলার টঙ্গিরটেক গ্রামের আবু তাহেরের ছেলে।

স্থানীয়রা জানান, চালক রুবেল ইটবোঝাই ট্রলি নিয়ে মনোহরদী বাজারের দিকে আসছিলেন। চন্দনবাড়ী ইসলামীয়া কামিল মাদ্রাসার সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলির ইঞ্জিন (সামনের অংশ) উল্টে যায়। এতে চালক রুবেল ইঞ্জিনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুন: রংপুরে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে বাসচাপায় একই পরিবারের নিহত ৩

এ সময় ট্রলিতে থাকা তিন শ্রমিক লাফিয়ে নামার সময় একজন আহত হন। আহত হৃদয় মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে রুবেলের মরদেহ উদ্ধার করে।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার বলেন, ট্রলিচালকের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

Related Articles