নেপালে সহিংসতা বন্ধে দেশব্যাপী নিষেধাজ্ঞা, বৃহস্পতিবার থেকে কারফিউ

নেপালে সহিংসতা বন্ধে দেশব্যাপী নিষেধাজ্ঞা, বৃহস্পতিবার থেকে কারফিউ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সেনাবাহিনী আরো জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সারা দেশে কারফিউ জারি করা হবে। ক্রমবর্ধমান নিরাপত্তা পরিস্থিতির ওপর নির্ভর করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

জেনারেশন জি’র নেতৃত্বাধীন বিক্ষোভে সহিংসতা ছড়িয়ে পড়ায় নেপালের সেনাবাহিনী দেশব্যাপী কারফিউ ও চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে। সেনাবাহিনী জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জরুরি সেবা ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।

বুধবার (১০ সেপ্টেম্বর) জনসংযোগ ও তথ্য অধিদফতরের জারি করা এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, নিষেধাজ্ঞামূলক আদেশগুলো আজ বিকেল ৫টা পর্যন্ত জারি থাকবে। আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সারা দেশে কারফিউ জারি করা হবে। সেনাবাহিনী আরো জানিয়েছে, ক্রমবর্ধমান নিরাপত্তা পরিস্থিতির ওপর নির্ভর করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

বিবৃতিতে এখন পর্যন্ত আইন-শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে নাগরিকদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি বিক্ষোভের সময় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করা হয়।

সেনাবাহিনী সর্তক করে জানিয়েছে, বিক্ষোভে নৈরাজ্যবাদী উপাদান অনুপ্রবেশ করেছে এবং আগুন, লুটপাট, সরকারি ও বেসরকারি সম্পত্তি ভাঙচুর, টার্গেট করে সহিংস আক্রমণ এমনকি যৌন নির্যাতনের চেষ্টার মতো ঘটনা ঘটিয়েছে। আন্দোলনের নামে এসব অপরাধমূলক কর্মকাণ্ডকে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।

কারফিউ চলাকালীন অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, ফায়ার সার্ভিস, স্বাস্থ্যকর্মী ও নিরাপত্তাকর্মীদের ব্যবহৃত প্রয়োজনীয় যানবাহন চলাচলের অনুমতি দেয়া হবে। নাগরিকদের প্রয়োজনে নিকটবর্তী নিরাপত্তা কর্মীদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে সেনাবাহিনী।

এছাড়াও অবসরপ্রাপ্ত সেনা সদস্য, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সাধারণ জনগণকে ভুল তথ্যের ফাঁদে না পড়ার এবং শুধুমাত্র সরকারি ঘোষণা অনুসরণ করার অনুরোধ জানিয়েছে সেনাবাহিনী। জাতীয় ঐক্য, সামাজিক সম্প্রীতি রক্ষা ও নাগরিকদের নিরাপত্তা ও মানবিক সহায়তায় সেনাবাহিনীকে সহযোগিতার আহ্বানও জানানো হয়েছে।

সূত্র : হিমালয়ান টাইমস

Related Articles