পানির নিচে হালুয়াঘাট-ধোবাউড়া উপজেলার ১৫ হাজার হেক্টর ধানক্ষেত

পানির নিচে হালুয়াঘাট-ধোবাউড়া উপজেলার ১৫ হাজার হেক্টর ধানক্ষেত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত কয়েকদিনের টানা ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার বন্যা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে। এতে ডুবে গেছে দুই উপজেলায় আবাদ করা আমন ধানের জমি। ধান গাছ সাত দিনের বেশি পানির নিচে থাকলে ক্ষতির মুখে পড়বেন কৃষকরা।

ময়মনসিংহ কৃষি অফিসের তথ্যমতে, চলতি মৌসুমে হালুয়াঘাট উপজেলায় ৭,৬০০ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। অপরদিকে ধোবাউড়ায় আমন ধানের আবাদ হয়েছে ৭,৫০০ হেক্টর জমিতে। পাহাড়ি ঢলের কারণে শুক্রবার দুপুরের পর থেকেই এই দুই উপজেলার পুরোটাই বন্যাকবলিত হয়ে পড়ে।

হালুয়াঘাটের ঘোষগাঁও গ্রামের কৃষক আলী হোসেন জানান, সুদে টাকা ধার করে চলতি মৌসুমে দুই একর জমিতে আমন ধানের আবাদ করেছেন। ধান গাছ সাত দিনের বেশি সময় পানির নিচে থাকলে ক্ষতির মুখে পড়বে।

তিনি আরও জানান, তার মতো অনেক কৃষকই সুদে টাকা নিয়ে আমনের আবাদ করেছেন। প্রত্যেকের জমি এখন পানির নিচে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক নাসরিন আক্তার বানু জানান, বেশি দিন পানির নিচে থাকলে আমন ধান গাছ পচে ক্ষতির মুখে পড়বে। কৃষকের ক্ষতির পরিমাণ নির্ধারণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। কৃষককে প্রণোদনা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।