পারফিউমে ব্যবহৃত অ্যালকোহলের বিষয়ে দেওবন্দের ফতোয়া

পারফিউমে ব্যবহৃত অ্যালকোহলের বিষয়ে দেওবন্দের ফতোয়া

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পারফিউম ও আফটারশেভে ব্যবহৃত ‘Alcohol Denat’ সম্পর্কে। অনেকে বলেন, Alcohol Denat তৈরি করা হয় ইথাইল অ্যালকোহলের সঙ্গে মিথাইল অ্যালকোহল মিশিয়ে। এই কারণে অনেকের মনে সন্দেহ তৈরি হয়, এটি কি হারাম নাকি নয়।

বিশ্বের সবচেয়ে ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ, ভারতের সাহারানপুরে অবস্থিত দারুল উলুম দেওবন্দের ফতোয়ায় বলা হয়েছে, বর্তমানে পারফিউম ও লোশনে যে অ্যালকোহল ব্যবহার করা হয়, তা সাধারণত মদ বা শরিয়তে হারাম চার প্রকার পানীয় থেকে তৈরি করা হয় না। বরং কেমিক্যাল প্রক্রিয়ায় আলাদাভাবে প্রস্তুত করা হয়।

এই দৃষ্টিতে, যেসব পারফিউম বা আফটারশেভে এমন অ্যালকোহল রয়েছে, সেগুলো ব্যবহার করা শরিয়তসম্মতভাবে নাজায়েজ নয়। অর্থাৎ ব্যবহার করা জায়েজ।

তবে ফতোয়ায় এটাও বলা হয়েছে, সন্দেহ থেকে বাঁচার জন্য এ ধরনের পারফিউম ও লোশন ব্যবহার না করাই উত্তম। এটি তাকওয়ার দিক থেকে ভালো। ফতোয়ায় একটি গুরুত্বপূর্ণ বিষয় আলাদা করে উল্লেখ করা হয়েছে।

লোশন বা পারফিউম ব্যবহার করা শরিয়তের দৃষ্টিতে বড় কোনো ইস্যু নয়। কিন্তু দাড়ি কামানো বিষয়টি একেবারেই আলাদা। শরিয়ত অনুযায়ী দাড়ি কামানো হারাম। এটি কোনো অবস্থাতেই অনুমোদিত নয়।

অ্যালকোহল মূলত এক ধরনের রাসায়নিক পদার্থ। এটি বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। যেমন ওষুধ, সুগন্ধি, পারফিউম, আফটারশেভ ও শিল্পকারখানায়।

সব অ্যালকোহলই মদ নয়। মদ হলো এমন অ্যালকোহল যা পান করা হয় এবং নেশা সৃষ্টি করে। কিন্তু কেমিক্যালভাবে তৈরি অনেক অ্যালকোহল আছে, যা পানযোগ্য নয় এবং নেশার উদ্দেশ্যে ব্যবহার করা হয় না।

Alcohol Denat বলতে বোঝায় ডিনেচার্ড অ্যালকোহল। এতে ইথাইল অ্যালকোহলের সঙ্গে এমন উপাদান মেশানো হয়, যাতে এটি পান করার অযোগ্য হয়ে যায়। এই কারণে এর দামও কম হয় এবং শিল্পকার্যে ব্যবহার সহজ হয়।

Related Articles