পেহেলগাম হত্যাকাণ্ড মানবতার বিরুদ্ধে এক বর্বরোচিত অপরাধ : জমিয়তে উলামায়ে হিন্দ

পেহেলগাম হত্যাকাণ্ড মানবতার বিরুদ্ধে এক বর্বরোচিত অপরাধ : জমিয়তে উলামায়ে হিন্দ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জানেশীনে ফিদায়ে মিল্লাত, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি, ভারত উপমহাদেশের আধ্যাত্মিক রাহবার, মাওলানা সায়্যিদ মাহমুদ আসআদ মাদানী জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া জঙ্গি হামলায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন। এই নৃশংস হত্যাকাণ্ডের
তীব্র নিন্দা জানিয়েছেন।

জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি বলেন, ২৬ জন নিরীহ পর্যটকের নির্মম হত্যাকাণ্ড মানবতার বিরুদ্ধে এক জঘন্য অপরাধ, যার সঙ্গে কোনো ধর্মেরই সম্পর্ক থাকতে পারে না।

ইসলাম এ জাতীয় বর্বরোচিত হত্যাকাণ্ডের সমর্থন করে না উল্লেখ করে মাওলানা সায়্যিদ মাহমুদ আসআদ মাদানী বলেন—যারা এই ঘটনাকে ইসলামের সঙ্গে জড়াতে চাইছে, তারা ইসলামের প্রকৃত শিক্ষা সম্পর্কে অজ্ঞ। ইসলাম বলে, একজন নিরীহ মানুষকে অন্যায়ভাবে হত্যা করা মানে পুরো মানবজাতিকে হত্যা করার নামান্তর।

তিনি আরও বলেন, জমিয়তে উলামায়ে হিন্দ শোকসন্তপ্ত পরিবারের পাশে রয়েছে এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করছে।

দেশের এই কঠিন মূহুর্তে দেশের সকল নাগরিকদের শান্তি, ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার আহ্বান জানিয়েছে জমিয়তে উলামায়ে হিন্দ।

এ ধরনের সকল জঙ্গি হামলাকে রুখে দেয়ার আহ্বান জানিয়ে ভারত উপমহাদেশের আধ্যাত্মিক রাহবার বলেন—এ ধরনের হামলার উদ্দেশ্য সমাজে ভয়, ঘৃণা এবং সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করা। জাতি হিসেবে আমাদের ঐক্যবদ্ধ থেকে এই ষড়যন্ত্র রুখে দিতে হবে।

এর আগে, দারুল উলুম দেওবন্দের প্রবীণ মুহাদ্দিস, প্রভাবশালী ধর্মীয় ব্যক্তিত্ব, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি আমিরুল হিন্দ আল্লামা সাইয়েদ আরশাদ মাদানিও এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, হামলাকারীরা নিষ্ঠুর। তারা কোনো ধর্মের প্রতিনিধিত্ব করে না।

ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই-কে দেয়া এক সাক্ষাৎকারে আল্লামা সাইয়েদ আরশাদ মাদানি বলেন—কাশ্মীরের জনগণ ও স্থানীয় মসজিদগুলো যেভাবে এই হামলার প্রতিবাদ করেছে, তা কাশ্মীরের ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ সন্ত্রাসী হত্যাকাণ্ড অত্যন্ত মর্মান্তিক—এই পরিবারগুলো সেখানে ঘুরতে গিয়েছিল। তাদের ওপর এমন বর্বরোচিত হামলা, তাও ধর্মের নামে—এই সন্ত্রাসীরা আদৌ কোনো ধর্মে বিশ্বাসী নয়।

Related Articles