পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মালয়েশিয়ায় পৌঁছানোর পর লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়েছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে। তিন দিনের সরকারি সফরে সোমবার সন্ধ্যায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তিনি। তার আগমন উপলক্ষে সেখানেই (টার্মিনাল ১) ছিল আনুষ্ঠানিক আয়োজন।
সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে ড. ইউনূস ও তার সফরসঙ্গীদের বহনকারী বাণিজ্যিক বিমান অবতরণের পর কেএলআইএর বুংগা রায়া কমপ্লেক্সে তাকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল।
পরে রয়্যাল মালয় রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়নের ২৮ জন কর্মকর্তা ও সদস্যের সমন্বয়ে গঠিত গার্ড অব অনার পরিদর্শন করেন ড. ইউনূস। গার্ড অব অনারের নেতৃত্ব দেন ক্যাপ্টেন মোহদ মাসরুর হিদায়াত মাসরি।
সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে ইউকেএম : মালয়েশিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া’ (ইউকেএম) আগামীকাল ১৩ আগস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক শাহ আসিফ রহমান এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন ড. মুহাম্মদ ইউনূস এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে স্মারক বক্তৃতা দেবেন। সফরের তৃতীয় দিনে (১৩ আগস্ট) অধ্যাপক ইউনূস ইউকেএমের চ্যান্সেলর এবং নেগেরি সেম্বিলান প্রদেশের শাসক তুয়াংকু মুহরিজ ইবনি আলমারহুম তুয়াংকু মুনাওয়িরের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।
যুবসমাজ প্রতিটি ক্রান্তিকালে অগ্রণী ভূমিকা পালন করে : প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের মোট জনগোষ্ঠীর এক-তৃতীয়াংশ হলো যুবসমাজ। এ যুবসমাজ জাতির প্রতিটি ক্রান্তিকালে সাহসী ও অগ্রণী ভূমিকা পালন করে।
জাতীয় যুব দিবস ২০২৫ উপলক্ষে গতকাল দেয়া এক বাণীতে তিনি বলেন, ‘প্রতি বছরের ন্যায় এবারো দেশব্যাপী ‘জাতীয় যুব দিবস ২০২৫’ উদযাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত। এ বছর ১২ আগস্ট ‘আন্তর্জাতিক যুব দিবস’ এর সাথে একই দিনে জাতীয় যুব দিবস উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে আমি বাংলাদেশসহ সারা বিশ্বের তারুণ্যদীপ্ত যুবসমাজকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন।’


