পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল
রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে মঙ্গলবার বঙ্গভবন ঘেরাও করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ অবস্থায় অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন। এ বিষয়ে বুধবার সাংবাদিকরা জানতে চাইলে এড়িয়ে যান ড. আসিফ নজরুল।
আইন উপদেষ্টা বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে আসেন। সেখানে সাংবাদিকরা প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চান। কিন্তু তিনি প্রশ্ন এড়িয়ে যান। এসময় গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তার সঙ্গে ছিলেন।
সাংবাদিকরা কথা বলতে চাইলে আসিফ নজরুল বলেন, “আমি প্রত্যেক দিন কথা বলতে পারব না। আমরা (ট্রাইব্যুনালের) কাজের অগ্রগতি দেখতে আসছি। খুব ভালোভাবে কাজ এগোচ্ছে। আশা করি ৩ বা ৪ নভেম্বর এই বিল্ডিংয়ে বিচার কার্যক্রম শুরু হবে।
এসময় এক সাংবাদিক বলেন, “গতকাল আপনি প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন। প্রশ্ন শেষ না করতেই আইন উপদেষ্টা বলেন, “না ভাই, এটা নিয়ে কথা বলব না, ব্যস্ত আছি।”
এরপর গাড়িতে উঠে চলে যান ড. আসিফ নজরুল।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের মন্তব্যের পর দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়। এ অবস্থায় গতকাল মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা রাষ্ট্রপতির পদত্যাগের দাবি নিয়ে সন্ধ্যা থেকে বঙ্গভবন ঘেরাও করেন। তারা ব্যারিকেড ভেঙে বঙ্গভবনে ঢোকার চেষ্টা করেন।


